বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবি প্রকৃচি’র
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই ঘটনার পেছনে ইন্ধনদাতাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছে পেশাজীবীদের সংগঠন প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি)।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে মানববন্ধন করে এই দাবি জানায় তারা।
মানববন্ধনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও প্রকৃচির সদস্য সচিব ডা. মো. এহতেশামুল হক চৌধুরী বলেন, “আমাদের সবকিছু অর্জনের মূলে যিনি জনকের ভূমিকা পালন করেছিলেন, সেই জাতির জনককে নিয়ে যারা ধৃষ্টতা দেখিয়েছে, আমি তাদের হুঁশিয়ারি করে দিতে চাই, যথেষ্ট হয়েছে।
“আমরা সরকারের কাছে একটি দাবিই পেশ করতে চাই, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় যে সকল দুষ্কৃতকারীরা গ্রেপ্তার হয়েছে, তাদের ইন্ধনদাতাদেরও গ্রেপ্তার করুন। দেশের প্রচলিত আইনে তাদের বিচার করুন।”
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা বলেন, “এটা সুস্পষ্ট ১৯৭১ সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা আজও জেগে আছে।
“যারা দেশকে ভালোবাসেন, তাদের আমি বলতে চাই, আপনাদের মাঝে এই কালসাপেরা ঢুকে আছে। আপনারা এদের চিহ্নিত করবেন।”
স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক এম এম আজিজ বলেন, “আজকে একাত্তরের পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সরকারকে আমরা অনুরোধ করব, আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি। আজকে এই উগ্র মৌলবাবাদীদেরও দাঁতভাঙা জবাব দেবেন।”
কর্মসূচিকে সংহতি জানিয়ে যোগ দেন বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া, সাবেক উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী, কৃষিবিদ ও চিকিৎসকরা।
প্রশাসনিক কর্মকর্তাদের বিবৃতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, কুষ্টিয়ায় রাতের আঁধারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।
“বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা প্রশাসন ক্যাডার তথা জনপ্রশাসনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের চেতনা ও অস্তিত্বের মর্মমূলে কুঠারাঘাতের সামিল।”
অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের শাস্তি দেওয়ার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মুজিববর্ষে সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ রেখেছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
