ভাস্কর্য ভাঙায় ইন্ধনদাতাদেরও গ্রেপ্তার করা জরুরি: ঢাবি উপাচার্য
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ইন্ধনদাতাদেরও গ্রেপ্তারের দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।
ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এই দাবি তোলেন তিনি।
ঢাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামী দলের বিরোধিতার মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এতে জড়িত চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “দুয়েকজন ধরা পড়ছে, সেটি ঠিক। একই সঙ্গে লক্ষ্য রাখতে হবে এর পেছনে ইন্ধনদাতা আছে, এর পেছনে অশুভ চক্র আছে। যারা এই ধরনের অপপ্রয়াস, মানুষের মাঝে বিদ্বেষ ছড়িয়ে ভয়ংকর পরিস্থিতি সৃষ্টির হীন প্রয়াসে লিপ্ত আছে।
“তারা মারাত্মক অপরাধ করেছে। সেই অপরাধের সাথে যারা জড়িত, সেই মানুষগুলোকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা খুবই জরুরি হয়ে পড়েছে।”
ভাস্কর্য স্থাপনের বিরোধিতা নিয়ে উপাচার্য বলেন, “শিল্পকর্মের এই শক্তিশালী মাধ্যম আজকে হুমকির মুখে পড়ছে। সামগ্রিকভাবে বলতে হবে আমাদের, যে এটি একটি শিল্পকলা, এটি মানবিক বিকাশের একটি অসাধারণ মাধ্যম। সেটি যখন হুমকির মুখে পড়ে, তখন মানবতা পর্যুদস্থ হয়, মানবিক গুণাবলি স্তব্ধ হয়ে দাঁড়ায়।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএস মাকসুদ কামাল বলেন, “কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যে হামলা, তা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, এটি মূলত এদেশের মানুষের দীর্ঘদিনের লালিত সংস্কৃতির উপর হামলা।
“অতীতে যেমন আমরা ধর্মান্ধ, মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, এখন তেমন নেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলে সবসময় তাদের প্রতিরোধ করব।”
আইন অনুষদের ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহ বলেন, “যে রাষ্ট্র বঙ্গবন্ধুর আদর্শে চলছে, সেখানে রাজনীতির নামে কোনো সমঝোতা হতে পারে না।
“তাদের বিরুদ্ধে সরকারের যেখানে খুব দ্রুত সময়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল। সরকার যদি এখনও বলে দেখছি বা দেখব, তাহলে এ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেটি হবে না।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, “আজকে যখন আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি করতে যাচ্ছি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, সেই সময় তারই ভাস্কর্যের উপর আঘাত হানছে দুর্বৃত্তরা। তাই এই আঘাতটা হয়েছে আমাদের সার্বভৌমত্বের উপর, আমাদের পতাকার উপরে, আমাদের জাতীয় সংগীতের উপর। ”
মানববন্ধনে সভাপতির বক্তব্যে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক লুৎফর রহমান বলেন, “এই বিজয়ের মাসে এমন ঘটনার প্রতিবাদে আমাদের দাঁড়াতে হবে, তা ভাবতেও পারি নাই।
“কোনো প্রতিষ্ঠান যদি এর বিরুদ্ধে নাও দাঁড়ায়, কোনো সরকার যদি এর বিরুদ্ধে নাও দাঁড়ায়, কোনো ব্যক্তি যদি নাও দাঁড়ায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তার ঐতিহ্য নিয়েই এর প্রতিবাদ করবে।”
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
