২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাস্কর্য বিরোধিতার বিপক্ষে জনমত গঠনের সুপারিশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতার বিপক্ষে জনমত গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 04:43 PM

Updated : 18 Aug 2022, 04:11 PM

একইসঙ্গে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমিটি। কমিটি এ ঘটনায় ইন্ধনদাতা ও দোষীদের শাস্তির আওতায় আনার সুপারিশ করেছে।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুক্তিযুদ্ধের সময় ইসলামের নামে খুন, নারী ধর্ষণ, ২০১৩ সালে আন্দোলনের নামে কোরান শরীফ পুড়িয়ে ফেলা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা এবং ভাস্কর্য নির্মাণে বিরোধিতা একই সূত্রে গাঁথা। তারা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভাস্কর্যকে ইস্যু করে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে।

“সংসদীয় কমিটি বলেছে, জনগণকে ঐক্যবদ্ধ করে সব চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করার কথা বলেছে। আমরা বলেছি এ বিষয়ে জনমত গড়ে তুলতে হবে। যারা ভাস্কর্যের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে হবে।”

মুজিববর্ষে ঢাকার ধোলাইড়পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা শুরু করেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মীয় বিভিন্ন সংগঠনের জোট হেফাজতে ইসলামের নেতারা। এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, লেখক-অধ্যাপক, শিল্পী-সাহিত্যিকরা।

এরমধ্যে শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্যে ভাঙচুরের ঘটনা ঘটে।

সংসদ সচিবালিয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে বিভিন্ন ওয়াজ এবং কুষ্টিয়াতে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ন্যাক্কারজনক ঘটনায় কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় বৈঠকে । এছাড়া ঘটনার পেছনে যাদের ইন্ধন ও হাত রয়েছে তাদের শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।

এদিকে বৈঠকে রাজাকারদের তালিকা তৈরির অগ্রগতি নিয়ে আলেচনা হয়েছে উল্লেখ করে এ সংক্রান্ত সাব কমিটির প্রধান শাজাহান খান বলেন, “আমরা মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা পর্যায়ের সদ্য সাবেক কমান্ডারকে আহ্বায়ক করে এবং মুক্তিযুদ্ধকালীন জীবিত কমান্ডারদের নিয়ে রাজাকারদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছি। মন্ত্রণালয় এ কমিটি গঠনের জন্য সব জেলা প্রশাসকদের চিঠি দেবে।”

৪২ হাজার মুক্তিযোদ্ধার তালিকা যাছাই-বাছাই প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই আওয়ামী ঘরানার। মুক্তিযোদ্ধার তালিকায় আওয়ামী লীগের প্রাধান্য বেশি দেখে ক্ষমতায় থাকলে বিএনপি ২০০৫ সালে তাদের মনভাবাপন্ন অনেককে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে। এদের বেশিরভাগই ছিল ভুয়া মুক্তিযোদ্ধা। পিস কমিটির নেতাদেরও তখন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণ পাওয়া গেছে। যার কারণে বিষয়টি হয়তো নতুন করে যাচাই হচ্ছে।”

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের শূন্য পদে দ্রুত নিয়োগের সুপারিশ করা হয় বৈঠকে।

শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, এ বি তাজুল ইসলাম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।