২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ভাস্কর্যের সুরক্ষা চেয়ে হাই কোর্টে রিট

বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ দেশের সব ভাস্কর্যের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 04:42 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন।

পরে তা বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়।

আইনজীবী নাহিদ সুলতানা যুথি রিটটি উপস্থাপন করে শুনানির আরজি জানান। তার সঙ্গে ছিলেন এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

সোমবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে পরে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী যুথি।

ভাস্কর্যের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়ার পাশাপাশি জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট ‘নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অরাজকতা’ ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না- সেই মর্মে রুল চাওয়া হয়েছে এই রিটে।   

এছাড়া জাতির জনকের ভাস্কর্য স্থাপন এবং ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকারম মসজিদের খতিবের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশ প্রধান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বায়তুল মোকারম মসজিদের খতিবকে এই রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

এদিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টে মানববন্ধন করেছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদী, নুরুন্নাহার, মফিজ উদ্দিন, আন্না খানম, সায়েদুল হক সুমন, চৈতালি চক্রবর্তীসহ অনেকে সাধারণ আইনজীবীদের ব্যানারে এই মানববন্ধনে যোগ দেন।