২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনতা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

জনতা ব্যাংকের একাধিক হিসাব থেকে ৩২ লাখ টাকা কৌশলে স্থানান্তর ও উত্তোলনের অভিযোগে ব্যাংকটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2020, 01:48 AM

Updated : 18 Aug 2022, 04:07 PM

মামলায় ব্যাংকটির বরখাস্ত জ্যেষ্ঠ কর্মকর্তা নওরীন জাহান নিতুকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের সহকারী পরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে মামলাটি করেন বলে সংস্থাটির পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

আসামি নওরীন জাহান নিতু বিরুদ্ধে মামলার এজাহারে অভিযোগ করা হয়, তিনি কর্মরত থাকাকালীন জনতা ব্যাংকের সাসপেন্স হিসাব, সান্ড্রি ডিপোজিড ও সান্ড্রি ক্রেডিটরস হিসাব এবং আরও তিন গ্রাহকের হিসাব থেকে মোট ৩২ লাখ ১৭ হাজার ৩৬৯ টাকা নিজের ব্যাংক হিসেবে স্থানান্তর এবং উত্তোলন করে আত্মসাৎ করেন।

২০১৮ সালের জানুয়ারি থেকে একই বছলের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে জনতা ব্যাংকের মগবাজার কর্পোরেট শাথা থেকে অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে মামলায় বলা হয়েছে। এই শাখার ফরেন এক্সচেঞ্জ বিভাগে কর্মরত ছিলেন নওরীন।

এজাহারে আরও বলা হয়, ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে অর্থ আত্মসাতের বিষয়টি ২০১৮ সালের ৪০তম অডিটে প্রথম উদঘাটন হয়। এরপর নিতুকে অর্থ আত্মসাতের ব্যাখ্যা দিতে ব্যাংক থেকে তলব করা হলে তিনি এর দায় স্বীকার করেন। পরে ফৌজদারি অপরাধ এড়াতে তিনি টাকা ফেরত দেন।

এই টাকা ফেরত দেওয়ার মাধ্যমে আসামির বিরুদ্ধে অভিযোগ সুস্পষ্ট হয় বলে মামলায় বলা হয়েছে।

অর্থ আত্মসাতের ঘটনায় গত জুলাইয়ে নওরীন জাহান নিতুকে জনতা ব্যাংক স্থায়ীভাবে বরখাস্ত করে।