প্রধানমন্ত্রীর চাচি রাজিয়া নাসেরের কুলখানি শুক্রবার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসেরের স্ত্রী শেখ রাজিয়া নাসেরের কুলখানি হবে শুক্রবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরআন খতমের পাশাপাশি বাদ জুম্মা টুঙ্গিপাড়া, বাগেরহাট ও খুলনায় বিশেষ দোয়া মাহফিল এবং মিলাদের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।
শেখ রাজিয়া নাসেরের পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে মরহুমার পরিবারের পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি শেখ রাজিয়া নাসের গত সোমবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের মা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদী।
মঙ্গলবার তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়, যেখানে শায়িত আছেন তার স্বামী শেখ আবু নাসেরসহ জাতির পিতার পরিবারের সদস্যরা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী শেখ আবু নাসেরের টুঙ্গিপাড়ার বাড়ি পুড়িয়ে দেয়। সে সময় রাজিয়া নাসের সন্তানদের নিয়ে ঢেকিঘরে আশ্রয় নিলে সেখানেও আগুন দেয় রাজাকাররা। কোনোক্রমে সেদিন সন্তানদেরকে নিয়ে জীবন বাঁচান রাজিয়া নাসের।
শেখ নাসের তার ছেলে শেখ হেলাল এবং ভাতিজা শেখ জামাল ৯ নম্বর সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। বয়স কম বলে শেখ হেলাল ও শেখ জামাল তখন মুক্তিযোদ্ধাদের জন্য গোলাবারুদ সরবরাহ করতেন, মুক্তিযোদ্ধাদের তথ্য দিতেন।
যুদ্ধের এক পর্যায়ে শেখ নাসের ভারতে চলে যান এবং সেখানে প্রশিক্ষণ নিয়ে ফিরে সুন্দরবন এলাকায় সশস্ত্র যুদ্ধে অংশ নেন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের পাশাপাশি শেখ নাসেরকেও নৃশংসভাবে হত্যা করা হয়। রাজিয়া নাসের সে সময় অন্তঃসত্ত্বা ছিলেন।
পরিবারের সদস্যদের মাধ্যমে জানা যায়, পরদিন যখন টুঙ্গিপাড়ায় জাতির পিতাকে দাফন করা হল, রাজিয়া নাসের সন্তানদের নিয়ে লঞ্চে করে খুলনা থেকে টুঙ্গিপাড়ায় যান। কিন্তু সেখানে তাদের লঞ্চ ভিড়তে দেওয়া হয়নি।
সন্তানদের নিয়ে লঞ্চে করে আবার খুলনায় ফেরেন রাজিয়া। কিন্তু বাড়িতে ফিরে দেখেন, ক্ষমতা দখলকারী খুনিরা বাড়ি সিলগালা করে দিয়েছে। এক পর্যায়ে অসহায় রাজিয়া নাসের সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন।
কিন্তু সেখান থেকেও তাদের উৎখাত করতে নানাভাবে চেষ্টা হয়। এক পর্যায়ে পাবনায় দাদার বাড়িতে চলে যান রাজিয়া নাসের। সেখানেও ছেলেমেয়েদের নিয়ে তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। তার সন্তানদের স্কুলে ভর্তি করতেও বাধা দেওয়া হয়।
বড় ছেলে শেখ হেলাল তখন ক্যাডেট কলেজে পড়তেন। সেখান থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা হলেও শিক্ষক ও ছাত্রদের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
শেখ রাজিয়া নাসের পরে সন্তানদের নিয়ে খুলনায় ফিরে যান, সেখানে কষ্টের মধ্যে তাদের দিন কাটতে থাকে। বড় মেয়ে মিনা ও ছেলে শেখ জুয়েলকে খুলনায় সরকারি স্কুলে ভর্তি করা গেলেও জিয়ার সরকারের সময় স্কুল থেকে তাদের নাম কেটে দেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানান।
সন্তানদের লেখাপড়ার সঙ্গে সঙ্গে পারিবারিক ব্যবসাও বন্ধ করে দেওয়া হয়। সাত সন্তান নিয়ে নিদারুণ অর্থ কষ্টে পড়েন শেখ রাজিয়া নাসের।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তখন লন্ডন থেকে জমানো টাকা আর শীতের কাপড় পাঠান তার চাচী ও ভাই-বোনদের জন্য। বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা তখন দিল্লিতে। তিনিও সেখান থেকে তার চাচী ও চাচাতো ভাই-বোনদের সাহায্য করেন।
অবশেষে ১৯৮১ সালে খুলনার বাড়ি খুলে দেওয়া হলে সন্তানদের নিয়ে সেখানে ওঠেন রাজিয়া নাসের। ততদিনে বড় ছেলে শেখ হেলাল ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
ওই বছরই আওয়ামী লীগ সভাপতি হয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। চাচী রাজিয়া নাসের তাকে মাতৃস্নেহে আগলে রাখেন, পাশে থেকে সাহস ও প্রেরণা যোগান।
প্রগতিশীল ও সংস্কৃতিমনা পরিবারের মেয়ে রাজিয়া তার কৈশোরে খুলনায় সংগীত প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। ১৯৫৭ সালে বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নাসেরের সঙ্গে তার বিয়ে হয়।
