২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জি কে শামীমের অস্ত্র মামলায় বাদীর সাক্ষ্য

আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলার বাদী ও জব্দ তালিকা প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা আদালেতে সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2020, 09:59 PM

Updated : 08 Apr 2022, 01:39 AM

মামলার বাদী র‌্যাব-১ এর নায়েক সুবেদার মো. মিজানুর রহমান এবং জব্দ তালিকা প্রস্তুতকারী পুলিশের এসআই কমল কুমার সাহা বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রবিউল আলমের সামনে তাদের জবানবন্দি দেন। 

পরে বিচারক আগামী ১০ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন বলে সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহউদ্দিন হাওলাদার জানান।

শামীম ছাড়া অপর আসামিরা হলেন- তার দেহরক্ষী দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, জামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব।

ওই ভবন থেকে নগদ এক কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা, ৯ হাজার ইউএস ডলার, ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার ১০টি এফডিআর, ৩২টি ব্যাংক হিসাবের চেক বই, আটটি আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় অভিযান শেষে।

জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বিল্ডার্সের হাতে সরকারি প্রায় ৬ হাজার কোটি টাকার ২২টি নির্মাণ প্রকল্পের ঠিকাদারি কাজ ছিল। পরে সেগুলোর কার্যাদেশ বাতিল হয়।

ওই অভিযানের পরদিন র‌্যাব-১ এর নায়েব সুবেদার মিজানুর রহমান বাদী হয়ে গুলশান থানায় এই মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ২৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন র‌্যাব-১ এর এসআই শেখর চন্দ্র মল্লিক।

চলতি বছরের ২৮ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাদের বিচার শুরুর আদেশ দেয়।