আদালতের রেকর্ড রুমে আগুনের কারণ খুঁজতে তদন্ত কমিটি
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের একটি রেকর্ড রুমে আগুন লাগার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।
মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ মঙ্গলবার এ তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের নেতৃত্বে গঠিত এই তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন, গণপূর্তের সহকারী প্রকৌশলী সবুজ কুমার সান্যাল এবং ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী।
ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু জানান, রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের বিষয়টি নাশকতা কি না, তা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে আদালত চলাকালেই মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার ওই কক্ষে আগুন লাগে। বিচারক কে এম ইমরুল কায়েশ সে সময় এজলাসে বিচার কাজ চালাচ্ছিলেন।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। তবে ততক্ষণে অসংখ্য মামলার নথি পুড়ে যায় বলে সদরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ আলী জানান।
