২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগর জজ আদালতে অগ্নিকাণ্ড

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2020, 06:44 PM

Updated : 10 Oct 2022, 07:34 PM

সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের এজলাস কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল জানান, এই আদালত ভবনের দ্বিতীয় তলায় পাঁচজন বিচারকের এজলাস রয়েছে। প্রতিটি এজলাস কক্ষে বিচারকের আসনের উপরে সিলিংয়ে তাক বানিয়ে মামলার নথি রাখা হয়ে থাকে। ওই সব নথিতে আগুন লেগে ধোঁয়া বের হয়।

এ সময় বিচারক কে এম ইমরুল কায়েশ মামলার শুনানি করছিলেন জানিয়ে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, আগুন লাগার পর বিচারক এজলাস থেকে নেমে কক্ষ থেকে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

“সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস তদন্ত করে প্রকৃত কারণ জানাতে পারবেন।”

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কী পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে তাপস পাল বলেন, “বিচারকের মাথার উপরের ওই তাকে বিভিন্ন ফৌজদারি মামলায় জামিনের আবেদন সংশ্লিষ্ট নথিসহ বিভিন্ন মামলার নথি রয়েছে। সেগুলোর মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কতগুলো নথি পুড়েছে তা এখনই বলা যাচ্ছে না।”