২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়ে হবে ‘কয়েকটি’ কমিটি

ঢাকার চারপাশের নদী দখলমুক্ত, দূষণরোধ ও নাব্যতা বাড়াতে নেওয়া মহাপরিকল্পনা বাস্তবায়নে জড়িত সংশ্লিষ্ট সব পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধনে একাধিক কমিটি করবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2020, 03:43 PM

Updated : 08 Apr 2022, 01:38 AM

সচিবালয়ে রোববার ঢাকার চারপাশের নদী দখলমুক্ত, দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য গঠিত মাস্টার প্ল্যান প্রণয়ন কমিটির সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, “অনুমোদিত মাস্টার প্ল্যানের অংশ হিসেবে যে সমস্ত অবৈধ দখল আছে ইতোমধ্যে আমাদের নৌ মন্ত্রণালয় দখলমুক্ত করেছে। উচ্ছেদকৃত স্থানগুলো সংরক্ষণ এবং ওয়াকওয়ে নির্মাণের জন্য যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন দ্রুততার সাথে বাস্তবায়ন করেন।

“এর মধ্যে কোথায় কোথায় যদি সমন্বয়হীনতা থাকে, সিটি করপোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয় আছে। বিভিন্ন মন্ত্রণালয় যে কাজগুলো করবে সেগুলো সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে করতে হবে। মাস্টার প্ল্যানে চাহিদা মোতাবেক সিটি করপোরেশনের সাথে ভিন্নমত নিষ্পত্তি করার জন্য কয়েকটি কমিটি করার কথা আলোচনা হয়েছে। আলোচনা করে আমরা কমিটি গঠন করে দেব।”

খাল উদ্ধার নিয়ে এক প্রশ্নে তাজুল বলেন, “ঢাকা শহরের অভ্যন্তরে যেসব খাল রয়েছে সেগুলো সংস্কার ও ওয়াকওয়ে তৈরি করে সম্ভাব্য যত সুযোগ আছে তা কাজে লাগানোর জন্য দুয়েকটা প্রকল্প নেওয়া হয়েছে। আরও কোথায় কোথায় প্রকল্প নেওয়া যায় তা নিয়ে কাজ করছি।”

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বুড়িগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনার জন্য যমুনা নদীতে যে জায়গায় ড্রেজিং করা দরকার তা নিয়ে নৌ সচিবের সাথে কথা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন কাজটি দ্রুত করছেন। করলে সেখানে পানি প্রবাহ বৃদ্ধি পাবে। পানি প্রবাহ বৃদ্ধি পেলে বুড়গঙ্গার নাব্যতা আরও বৃদ্ধি পাবে।

“সলিড বর্জ্য দুষণ থেকে রক্ষার জন্য বর্জ্য থেকে উত্তরে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে, সমন্বিতভাবে কাজ করছি, না হলে কাজের ফল বিলম্বিত হবে। আশা করি দ্রুততার সাথে কাজ শুরু করা যাবে। দক্ষিণের জন্য প্রকল্প গ্রহণ করা হবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “তরল দুষণ থেকে রক্ষার জন্য ওয়াসার এমডিকে বলেছি, প্ল্যান্ট করার জন্য এগোচ্ছি। জমি অধিগ্রহণ থেকে শুরু করে দরপত্র করার জন্য কাজ চলছে।

“পরিবেশ অধিদপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। শিল্প কারখানার তরল বর্জ্য নদীতে যায় সেজন্য ইটিপিগুলোর অপারেশন নিশ্চিত থাকে। তাদের লোকবলের সমস্যা সমাধানের জন্য সভা থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।”

নদী নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে মন্ত্রী বলেন, “আমাদের কাজ আরম্ভ হয়ে গেছে। ১০ বছরের মধ্যে শেষ হবে। প্রথম দফার কাজ সন্তোষজনক সময়ের মধ্যে শেষ হবে। আমাদের এক বছর হয়ে গেছে। কোভিডের কারণে আউটডোরের কাজগুলো সীমিত হয়ে গিয়েছিল। এখন আমরা দূরত্ব বজায় রেখে কাজ করার চেষ্টা করছি।”

মাস্টার প্ল্যান বাস্তবায়নে নদীর তীরে পাওয়ার প্ল্যান্ট এবং সেনা স্থাপনার বিষয়ে এক প্রশ্নে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “পাওয়ার প্ল্যান্টের কথা বলেন আর যারই কথাই বলেন আমি তো আইন তৈরি করিনি। আইন তৈরি করেছে জনপ্রতিনিধিরা, জনগণ যে আইন করেছে সে আইন মেনে চলবেন। সেখানে কার কি এটা নিয়ে বিচ্ছিন্নভাবে কথা বলাটা খুব সঙ্গত না।”

বৃত্তাকার নৌপথ বাস্তবায়ন নিয়ে ১৩টি ব্রিজের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- এই প্রশ্নে মন্ত্রী তাজুল বলেন, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেগুলো নৌপথে বাধার সৃষ্টি করছে সেগুলো রিভিউ করার জন্য আলোচনা হয়েছে। সেগুলো স্থানীয় সরকার বিভাগের হলে আমরা বসবো এবং সেগুলোকে ভেঙে জরুরি ভিত্তিতে নির্মাণ করার চিন্তা করা হচ্ছে।