দীপাবলিতে মহামারী মুক্তির প্রার্থনা
করোনাভাইরাস মহামারীতে সৃষ্ট মহাদুর্যোগ আর সামাজিক নানা সঙ্কট-দুর্দশা থেকে উত্তরণে বর প্রার্থনায় শ্যামাপূজা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
মনের আসুরিক শক্তিকে বিনাশ করে সম্প্রীতি ও ভাতৃত্বের পৃথিবী গড়ে তুলতে শ্যাম মায়ের কাছে চলছে তাদের এই প্রার্থনা।
সনাতন ধর্মাবলম্বীরা শনিবার উদযাপন করলেন অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব দীপাবলি বা দীপান্বিতা উৎসব। দেশজুড়ে নানা আয়োজনে এই উৎসব হয়।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শনিবার সন্ধ্যায় দীপাবলি উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ছবি: মাহমুদ জামান অভি
ভারতীয় হাই কমিশনার বলেন, “সৌহার্দ্য, আলো ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে চলায় বাংলাদেশ অসাধারণ দেশ। দীপাবলির স্পিরিটের মাধ্যমে বাংলাদেশের এ বিশেষত্ব আমাদের ধরে রাখা দরকার।”
সব ধর্ম ও গোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব বাংলাদেশকে ‘বিশেষায়িত করেছে’ উল্লেখ করে বিক্রম দোরাইস্বামী বলেন, “এটাই বাংলাদেশের বড় শক্তি। এক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম। আলো ছড়িয়ে দিন, সৌহার্দ্য ছড়িয়ে দিন সবার মাঝে। কারণ এটাই বঙ্গবন্ধুর সত্যিকারের মূলনীতি।”
দীপাবলি উৎসবে শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে মোমবাতি প্রজ্জ্বালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: মাহমুদ জামান অভি
হিন্দুদের ধর্মগ্রন্থ অনুযায়ী, দীপাবলির এই দিনে বিষ্ণুর বামন অবতার অসুর বলিকে বধ করেন। হিন্দুদের বিশ্বাস, ভালোবাসা ও জ্ঞানের শিখা প্রজ্বলিত করতে অসুর বলিকে পৃথিবীতে এসে অযুত অযুত প্রদীপ জ্বালানোর অনুমতি দেওয়া হয় দীপাবলীর এ দিনে।
তবে দীপান্বিতা উৎসবটি এসেছে মূলত রামায়ণ থেকে। রামায়ণ অনুসারেই দীপাবলি তিথির প্রচলন বলে অনেকে মনে করেন।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শনিবার সন্ধ্যায় দীপাবলির প্রদীপ জ্বালিয়ে অমঙ্গল বিতাড়নের প্রার্থনায় এক নারী। ছবি: মাহমুদ জামান অভি
দীপান্বিতা তিথিতে হিন্দুরা ঘরে ঘরে মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে লক্ষ্মী আসেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। অমঙ্গল বিতাড়নের জন্য আতসবাজিও পোড়ানো হয়।
দীপান্বিতার দুদিন পরেই ‘ভ্রাতৃ দ্বিতীয়া’ বা ‘ভাইফোঁটা’, একে ‘যমদ্বিতীয়া’ও বলা হয়।
হিন্দু পুরাণ মতে, এ দিনে নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তার বোন সুভদ্রার কাছে আসেন তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। এদিন ভাইদের মঙ্গল কামনায় বোনেরা তাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শনিবার সন্ধ্যায় দীপাবলির প্রদীপ জ্বালাচ্ছেন এক তরুণী। ছবি: মাহমুদ জামান অভি
রাজধানীর রাজারবাগ বরদেশ্বরী কালিমাতা মন্দির ও শ্মশানঘাটে পূজার্চনাও শুরু হয়েছে শনিবা রাত ১২টায়। তার আগে সন্ধ্যা থেকেই ভক্তরা সমবেত হয়ে মন্দির প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন।
করোনাভাইরাস মহামারীর কারণে মন্দির প্রাঙ্গণে ভক্তদের আনাগোনা ছিল সীমিত। তাদের সবার পরনে ছিল মাস্ক।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পুকুরঘাটে শনিবার সন্ধ্যায় দীপাবলির প্রদীপ পানিতে ভাসাচ্ছেন এক নারী। ছবি: মাহমুদ জামান অভি
রাজধানীর রমনা কালী মন্দির ও আনন্দময়ী আশ্রমের পুরোহিত হরিচাঁদ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এদিনে আমরা শ্যাম মায়ের চারপাশে ১০৮টি প্রদীপ প্রজ্বালন করি। অমাবস্যার নিকষ অন্ধকারে আমরা প্রদীপের শিখাতেই মাকে দর্শন করি।
“মা এদিন কৈলাস ছেড়ে ধরাধামে আসেন। তিনি অন্ধকারের শক্তিকে পরাভূত করে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। এদিন মনের সব অন্ধকারকে দূর করে মা যেন আমাদের মনের সব কলুষতা দূর করে দেন, আমরা সেই প্রার্থনা করি।”
দীপাবলি উৎসবে শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে অমঙ্গল বিতাড়নের প্রার্থনায় একটি পরিবার। ছবি: মাহমুদ জামান অভি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীপাবলিতে মায়ের চরণে আলো প্রজ্বালন করে আমরা অন্ধকারকে দূর করতে চাই। মনের সব কালোকে দূর করে মা আমাদের মনে জ্ঞানের আলো জ্বালবেন, আমরা সেই প্রার্থনা করি।”
তিনি বলেন, “করোনাভাইরাস মহামারীর কারণে দুর্গা পূজায় স্বাস্থ্যবিধি মানতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যেসব বিধিনিষেধ আরোপ করেছিল, তা বলবৎ থাকছে শ্যামাপূজাতেও।”
