২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে এক কিশোরকে পিটিয়ে হত্যা

ঢাকার কামরাঙ্গীচরে কয়েক কিশোরের লাঠির আঘাতে এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2020, 03:50 AM

Updated : 18 Aug 2022, 04:05 PM

শুক্রবার সন্ধ্যার পর কামরাঙ্গীচরের ঝাউচর এলাকার ‘সেভেনআপ’ মাঠে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত অপু (১৮) নিউ মার্কেট এলাকার একটি দোকানে কাজ করতেন। কিছু দিন ধরে তার কাজ ছিল না।

কামরাঙ্গীরচর থানার এসআই হেমায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাভিত্তিক ‘কিশোর গ্যাংয়ের’ আধিপত্যকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

বেশ কিছু দিন ধরে সাদ্দাম নামে এক কিশোরের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে অপু নেতৃত্বাধীন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল বলে জানান তিনি।

এ ঘটনায় আহত প্রত্যক্ষদর্শী শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপুর সমবয়সী ওই এলাকার ইব্রাহিম, সান্জুসহ প্রায় ১৫-১৬ জন লাঠি, ছুরি নিয়ে অপুকে তাড়িয়ে সেভেনআপ মাঠে নিয়ে আসে এবং সেখানেই তাকে বেধড়ক পিটিয়ে ছুরিকাঘাত করে চলে যায়।”

এ সময় বাধা দিতে গেলে তিনিসহ কয়েকজন আহত হন।

পুলিশ কর্মকর্তা হেমায়েত উদ্দিন বলেন, “সাদ্দাম গ্রুপের সদস্য ইব্রাহিম, সান্জুরা এই হামলা চালানোর সময় মাঠে কিছু ছেলে খেলা করছিল।”

ঘটনার পরপরই স্থানীয়রা অপুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।

কামরাঙ্গীচর ঝাউচরের হাসানের বাড়ির পাশে মা পারুল বেগমের সঙ্গে থাকতেন অপু। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট অপুর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।