২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্রোদের অধিকার রক্ষার আহ্বান ঢাকার বিক্ষোভ সমাবেশে

পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর আবাসভূমি ও বন উজাড় করে 'সরকারি মদদেই' বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আবাসিক হোটেল গড়ে তুলছে বলে অভিযোগ এসেছে এক বিক্ষোভ সমাবেশ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 06:53 PM

Updated : 08 Apr 2022, 01:37 AM

বান্দরবানের চিম্বুক পাহাড়ে সিকদার গ্রুপের ‘ভূমি দখল’ ও পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে শুক্রবার শাহবাগে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের এক সমাবেশে এই অভিযোগ করা হয়। 

সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স সমাবেশে বলেন, “পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী ভূমি নিষ্পত্তি এখনো হয়নি। ভূমি কমিশন মাত্র গঠিত হয়েছে, তারা কাজ শুরু করেনি। তার আগেই আজকের সরকারের মদদে বিভিন্ন সংস্থা দেশের সম্পদ লুটপাট করবে, পার্বত্য চট্টগ্রামে সে খেলা চলতে দেওয়া যাবে না।"

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, "রাষ্ট্রকে অবশ্যই লুটেরা, লোভী, ধনিক শ্রেণি নয়; সাধারণ মানুষের, এই ম্রোদের মনের কথা বুঝতে হবে। পাহাড়ের মানুষের অধিকারকে পাহাড়ের মানুষের চোখ দিয়ে দেখার চেষ্টা করতে হবে।"

ম্রো জনগোষ্ঠীর অভিযোগ, গত কয়েক বছর ধরে পর্যটনের নামে ম্রোদের প্রথাগত ভূমি চিম্বুক পাহাড়ে নানা অংশ বেদখল হয়ে গেছে। এখন প্রায় ১০০ একর ভূমিতে সিকদার গ্রুপ ওই পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রক্রিয়া চালাচ্ছে।

ওই প্রকল্প বাস্তবায়ন করতে হলে ম্রো জনগোষ্ঠীর কাপ্রুপাড়া, কলাইপাড়া, দলাপাড়া, এরা পাড়া, রেমনাই পাড়া প্রত্যক্ষভাবে এবং ৭০ থেকে ১০০টি পাড়া পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে; প্রায় ১০ হাজার জুমচাষী উদ্বাস্তু হওয়ার ঝুঁকিতে পড়বে, ৪০৫টি পরিবার তাদের ভিটেমাটি হারাবে বলে তাদের শঙ্কা।

ম্রোদের ভূমি ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, “সরকারি কর্মকর্তা কোন অধিকারে জমি ইজারা দিয়েছেন? পাহাড়ের ১ শতাংশ জমিও কেউ বিনা অনুমতিতে দিতে পারবে না।"

গ্রীন ভয়েসের এই সমাবেশে সাত দফা দাবি উত্থাপন করা হয়।

চিম্বুক পাহাড়ে হোটেল নির্মাণ বন্ধ করা; সারাদেশের পাহাড়-কাটা বন্ধ করে পাহাড়ি পরিবেশ সংরক্ষণ; পাহাড়ে অনাবাসীদের বাড়িঘর অবকাঠামো ও স্থাপনা শিল্প-কারখানা নির্মাণ নিষিদ্ধ করা; পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া; পাহাড়ে ও বনে বসবাসরত আদিবাসীদের উৎখাতের বন্ধ করে তাদের ভূমির অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সহায়তা দেওয়া; সকল পাহাড় সংরক্ষণ, সম্পদ ব্যবহার ও উন্নয়নের দায়িত্ব শুধুমাত্র পরিবেশ ও বন মন্ত্রণালয়ের হাতে দেওয়া এবং পাহাড় ও বন বিষয়ে সব ধরনের ‘প্রশাসনিক দুর্নীতি’ বন্ধ করার দাবি রয়েছে এর মধ্যে।