২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতই মার্চের ভাষণ এক সময়ে সম্প্রচারের প্রস্তাব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ প্রথমবারের মতো একই সময়ে সব সরকারি-বেসরকারি টেলিভিশন, বেতার ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সম্প্রচারের প্রস্তাব এসেছে সংস্কৃতি বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2020, 01:49 AM

Updated : 18 Aug 2022, 04:05 PM

'ঐতিহাসিক ৭ মার্চ ২০২১' উদযাপন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ প্রস্তাব আসে বলে বলে সংস্তৃকি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ দেওয়ার সময়ের সঙ্গে মিল রেখে বিকাল ৩টা ২০ মিনিটে দেশব্যাপী সব সরকারি-বেসরকারি টেলিভিশন, বেতারে সম্প্রচার করার প্রস্তাব এসেছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব বদরুল আরেফীন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রদানের দিনটি উদযাপন করবে মন্ত্রণালয়। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউনেস্কো ২০১৭ সালের ৩০ অক্টোবর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে 'ডকুমেন্টারি হেরিটেজ' তথা ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দেওয়ায় আন্তর্জাতিক পরিমণ্ডলে এ ভাষণের তাৎপর্য বৃদ্ধি পেয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ৭ মার্চের ভাষণ সাবটাইটেল আকারে জাতিসংঘের ৬টি অফিসিয়াল ভাষায় এবং পরবর্তীতে বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সহায়তায় সর্বাধিক সংখ্যক ভাষায় অনুবাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।