সোশাল মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার: পলক
তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে একটি মহল অত্যন্ত পরিকল্পিতভাবে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র উদ্যোগে তিন মাসব্যাপী ‘আসল চিনি’ প্রচার কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
পলক বলেন, বিষয়ের গভীরে না গিয়ে ফেইসবুক প্লাটফর্মে অনেকেই দেশ, প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।
গুজবের বিরুদ্ধে সবাইকে সজাগ ও তৎপর থাকার আহ্বান জানান তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সি (ডিএসএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এলআইসিটি প্রকল্প যৌথভাবে গত ৮ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ‘আসল চিনি’ প্রচার কর্মসূচি পরিচালনা করে।
চারটি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে চারটি আলাদা আলাদা ধাপে সাজানো হয় এই কর্মসূচি।
প্রথমত, মিথ্যা ও গুজব সম্পর্কে মানুষকে জানানো, দ্বিতীয়ত মানুষকে শিক্ষিত করে তোলা, তৃতীয়ত মানুষকে সম্পৃক্ত করা এবং মিথ্যা আর গুজবের উৎস বের করে রিপোর্ট করতে অনুপ্রাণিত করা।
প্রতিমন্ত্রী সমাপনী অনুষ্ঠানে ‘আসল চিনি’ ক্যাম্পেইনের পোস্টার ডিজাইন, রচনা লিখন এবং ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।
পোস্টার ডিজাইন চ্যাম্পিয়ন হয়েছেন আমরান আহমেদ, বিশেষ জুরি পুরস্কার পেয়েছে জুনায়ানা রহমান মুনতাহা। যৌথভাবে প্রথম রানার আপ শ্যামল সাহা ও মেজবা-উল হোসেন।
রচনা লিখন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাজিদ ইকবাল, যৌথভাবে প্রথম রানার আপ হয়েছেন তানিয়া এবং শেখ আল-আমিন, যৌথভাবে দ্বিতীয় রানার আপ হয়েছেন জিনিয়া আক্তার ঋতু এবং আকিলা ফারুক ওহী।
ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রহিম সৈকত, রানার আপ রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, তিন মাসব্যাপী এ ক্যাম্পেইনে দেশের প্রায় ৫০ লাখ মানুষকে সচেতন করে, যাদের ৭০ শতাংশই ৩৪ বছরের নিচে।
ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক ও এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।
এছাড়া বক্তব্য রাখেন এলআইসিটি প্রকল্পের পলিসি এডভাইজার সামি আহমেদ, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, গুজবের শিকার হয়ে মৃত্যুবরনকারী তসলিমা বেগম রেনুর মামা নাসির উদ্দিন টিটো। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিজিটাল কমিউনিকেশন স্পেশালিস্ট হাসান বেনাউল ইসলাম।
