২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসুস্থ থাকায়’ আদালতে হাজির করা হয়নি মাইন্ড এইডের পরিচালক নিয়াজকে

পুলিশ কর্মকর্তা আনিসুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ অসুস্থ থাকায় আদালতে হাজির করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2020, 07:53 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

বুধবার ঢাকার মহানগর হাকিম আবু সফিয়ান মো. নোমানের আদালতে বিষয়টি জানান মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক ফারুক মোল্লা।

তিনি ডা. নিয়াজ মোর্শেদকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা ইস্যুর আবেদন করেন।

সেই আবেদনে বলা হয়, নিয়াজ মোর্শেদ গত ৪ অক্টোবর থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কোমর থেকে পা পর্যন্ত অবশজনিত রোগে আক্রান্ত।

চিকিৎসা শেষে সুস্থতা সাপেক্ষে আদালতে সোপর্দ করলে নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে হাজতি পরোয়ানা ইস্যু করা হবে বলে বিচারক আদেশ দেন।

মাইন্ড এইড হাসপাতালের অন্দরে যা দেখা গেল

মাইন্ড এইড হাসপাতালে তালা, চিকিৎসক গ্রেপ্তার

এএসপি আনিসুলকে হত্যায় ১০ হাসপাতালকর্মী রিমান্ডে  

মাইন্ড এইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন নিয়াজ, যে হাসপাতালে সোমবার মানসিক রোগের চিকিৎসা নিতে গিয়ে নির্যাতনে মৃত্যু ঘটে আনিসুল করিমের।

এই ঘটনায় আনিসুলের বাবা ফাইজ্জুদ্দিন আহমেদ মোট ১৫ জনকে আসামি করে আদাবর থানায় হত্যা মামলা করেন। নিয়াজ মোর্শেদসহ ১১ জনকে পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করেছে।

নিয়াজ বাদে ১০ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সাত দিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত।

তারা হলেন- মাইন্ড এইডের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, শেফ মাসুদ, ওয়ার্ড বয় জোবায়ের হোসেন, তানিফ মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, লিটন আহাম্মদ, সাইফুল ইসলাম পলাশ ও ফার্মাসিস্ট তানভীর হাসান।

মামলার আসামিদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আমিন ও ফাতেমা খাতুন ময়না এখনও পলাতক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুলের বাড়ি গাজীপুরে; তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন।

এক সন্তানের জনক আনিসুল পারিবারিক ঝামেলার কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে ঢাকার আদাবরের ওই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন বলে তার স্বজনরা জানান।

‘ভাবিনি ভাইও আবরারের মতো খবরের শিরোনাম হবে’