আবরারের আরেক সহপাঠীর সাক্ষ্য-জেরা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলায় প্রত্যক্ষদর্শী আরও এক সহপাঠীর সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়েছে।
মঙ্গলবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর কামরুজ্জামান তার সাক্ষ্য নেন। এদিন আরেক সহপাঠীর আংশিক জেরাও হয়।
এ মামলার অন্যতম সাক্ষী বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র (শেরেবাংলা আবাসিক হলের ২০৬ নম্বর কক্ষ) ও আবরার ফাহাদের সহপাঠী তানভীর আহম্মেদ সৈকত এদিন জবানবন্দি দেন।
তিনি জবানবন্দিতে এ হত্যাকাণ্ডে আসামি মেহেদি হাসান রাসেল, অমিত সাহা, খন্দকার তাবাক্কারুল ইসলাম ওরফে তানভীর, ইফতি মোশাররফ সকাল, মুজতবা রাফিদ (পলাতক), এহতেশামুল রাব্বি ওরফে তানিম, ও এ এস এম নাজমুস সাদাতের সম্পৃক্ততার কথা বলেন।
এ পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু সাক্ষী সৈকতের বক্তব্য খণ্ডন করে বলেন, মেহেদি হাসান রাসেল ওখানে উপস্থিত ছিলেন না। তাকে সিসি ক্যামেরার ফুটেজে কোথাও দেখা যায়নি। ঘটনায় রাসেল অংশ নেননি।
সাক্ষীর উদ্দেশ্যে তিনি বলেন, মেহেদি হাসান রাসেল ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভায়। অথচ প্রকাশ্য আদালতে এই মিথ্যা সাক্ষ্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিতে এসেছেন।
এ সময় কিছুক্ষণ চুপ থাকার পর সৈকত ‘না’ সূচক উত্তর দেন।
এরপর ধারাবাহিকভাবে আসামিপক্ষে আইনজীবী আমিনুল গণী টিটো ও রেজাউল ইসলামসহ অন্যান্য আইনজীবীরা জেরায় অংশ নেন।
এর আগে বুয়েটের শেরেবাংলা হলের ছাত্র সাখাওয়াত ইকবাল অভিকে জেরা করেন আসামি হোসেন মোহাম্মদ তোহার আইনজীবী রেজাউল ইসলাম রেজা। আগের দিন সোমবার অভি সাক্ষ্য দেওয়ার পর তাকে অন্যান্য আসামির আইনজীবীরা জেরা করেন।
মঙ্গলবার আইনজীবী রেজা সাক্ষী সাখাওয়াত ইকবাল অভির উদ্দেশে বলেন, “আপনার বর্ণনামতে ২০১৯ সালের ৭ অক্টোবর ২০১১ নম্বর বা অন্য কোনো কক্ষে বা স্থানে কোনো ঘটনা ঘটে নাই।”
জবাবে সাখাওয়াত ইকবাল অভি বলেন, “এটা সত্য নয়।”
বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে শিবিরকর্মী আখ্যায়িত করে গত বছরের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়।
পরদিন আবরারের বাবা বুয়েটের ১৯ শিক্ষার্থীকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন। তদন্তে নেমে পুলিশ মোট ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মী।
এদের মধ্যে ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে আটজন হত্যাকাণ্ডে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মো. মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মো. মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মো. মনিরুজ্জামান মনির, মো. আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মো. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।
মামলার তিন আসামি এখনও পলাতক। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ।
