২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থপাচার: হাই কোর্টে জামিন হয়নি লেকহেড স্কুলের মালিকের

অর্থপাচার মামলায় ঢাকার লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে জামিন দেয়নি হাই কোর্ট। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 07:14 PM

Updated : 18 Aug 2022, 04:04 PM

টানা তিনদিন শুনানির পর মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।

ফলে তাকে গ্রেপ্তারে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এবিএম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।

ডেপুটি অ্যোটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদ হাসান মতিনের বিরুদ্ধে জঙ্গি অর্থয়ানের অভিযোগেও মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন। এই মামলায় অর্থপাচারের যে অভিযোগ আনা হয়েছে সে টাকার উৎস এজাহারে উল্লেখ নাই।  ফলে রাষ্ট্রপক্ষ থেকে তার আগাম জামিনের আপত্তি জানালে আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেন।

“ফলে খালেদ হাসান মতিনকে প্রয়োজনে পুলিশ যেকোনো সময় গ্রেপ্তার করতে পারবে।”

আগাম জামিনের আবেদনটি নিয়ে হাই কোর্টের অন্য কোনো বেঞ্চে যাবেন কিনা, তা জানতে খালেদ হাসান মতিনের আইনজীবী এবিএম আলতাফ হোসেনকে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি। 

অর্থপাচারের অভিযোগে সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট গত ২ নভেম্বর গুলশান থানায় মামলা করে।

সিআইডির মামলায় বলা হয়েছে, ২০১৭ সালের ৭ মে থেকে ৮ অক্টোবর পর্যন্ত লেকহেড গ্রামার স্কুলের ইসলামী ব্যাংকের হিসাব থেকে মতিন নয়টি চেকের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেছেন।

তার প্রতিষ্ঠান আরএম গ্রুপের ইসলামী ব্যাংকের হিসাব থেকে ২০১৭ সালের ৫ এপ্রিল থেকে ২০১৮ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত ১৪টি চেকের মাধ্যমে মোট তিন কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা স্থানান্তর করেন।

এ ছাড়া তিনি লেকহেড স্কুলের ইসলামী ব্যাংকের হিসাব থেকে হারুন অর রশীদ, রেজওয়ান হারুন ও হারুন ইঞ্জিনিয়ারিংকে স্কুলের দাম হিসেবে ছয়টি চেকের মাধ্যমে এক কোটি ১৫ লাখ টাকাসহ মোট তিন কোটি তিন লাখ টাকা পরিশোধ করেন।

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ থাকার পরও মতিন প্রতারণার মাধ্যমে স্কুলের মালিকানা গ্রহণ করেন।

স্কুলের অর্জিত সম্পদ নিজে ও তার প্রতিষ্ঠান আরএম গ্রুপের মাধ্যমে ভোগ করে তিনি গুরুতর অপরাধ করেছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।