২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে পুলিশ কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার ১০

ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 01:53 PM

Updated : 10 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

মানসিক রোগের চিকিৎসার জন্য গিয়ে পিটুনিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আনিসুলের বাবা ফাইজ্জুদ্দিন আহমেদ সোমবারের ওই ঘটনায় একটি হত্যা মামলাও দায়ের করেছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। সরকারি মানসিক হাসপাতালে ভর্তির কিছু পরেই আনিসুলকে ওই নিরাময় কেন্দ্রে নেওয়া হয়।”

এর পেছনে ‘দালালদের’ সংশ্লিষ্টতার আভাস দিয়ে উপ কমিশনার হারুন বলেন, “কেন তাকে সেখানে নেওয়া হল সে বিষয়টি তদন্ত করে দেখা হবে।”

গ্রেপ্তাররা হলেন- মাইন্ড এইড সাইকিয়াট্রি অ্যান্ড ডি-অ্যাডিকটেড হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় (৩৫), কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির (২৩), কিচেন শেফ মো. মাসুদ (৩৭), ফার্মাসিস্ট তানভীর হাসান (১৮), ওয়ার্ড বয় জোবায়ের হোসেন (১৯), তানিফ মোল্লা (২০), সঞ্জীব চৌধুরী (২০), অসীম চন্দ্র পাল (২৪), লিটন আহাম্মদ (১৮) এবং সাইফুল ইসলাম পলাশ (৩৫)।

তাদের আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান উপ কমিশনার হারুন।

তিনি বলেন, “গ্রেপ্তার সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে। ওই হাসপাতালের বৈধ কোনো কাগজপত্র নেই। অবৈধভাবে তারা বিভিন্ন হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয় তদন্ত করা হচ্ছে।”

Image
আনিসুল করিম

আনিসুল করিম

৩৫ বছর বয়সী আনিসুল করিম বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনারের পদে ছিলেন। তার বাড়ি গাজীপুরে।

এর আগে ঢাকা মহানগর পুলিশ, র‌্যাব ও পুলিশ সদরদপ্তরেও তিনি কাজ করেছেন। ৩১তম বিসিএসে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন বলে সহকর্মীরা জানিয়েছেন।

আদাবর থানার পরিদর্শক (অপারেশন্স) ফারুক মোল্লা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বরিশাল থেকে সোমবারই গাজীপুরের বাসায় গিয়েছিলেন আনিসুল। ‘মানসিকভাবে অসুস্থ’ থাকায় তিনি চিকিৎসা নিতে গিয়েছিলেন আদাবরের ওই হাসপাতালে।

সেখানে ‘চিকিৎসার নামে এলোপাতাড়ি মারধর’ করা হলে আনিসুলের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে উপ কমিশনার হারুন বলেন, পরিবারের সদস্যরা আনিসুল করিমকে আদাবরের ওই হাসপাতালে নিয়ে যান সোমবার সকাল সাড়ে ১০টার দিকে। সেখানে প্রথমে তাকে নাস্তা খেতে দেওয়া হয়।

“কিছুক্ষণ পর তিনি ওয়াশরুমে যেতে চাইলে হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয় তাকে দোতলায় নিয়ে যান। তার বোন উম্মে সালমা সেখানে যেতে চাইলে তাকে বাধা দিয়ে গেট আটকে দেওয়া হয়।

“আনুমানিক বেলা ১২টার দিকে আরিফ মাহমুদ জয় নিচে এসে আনিসুল করিমের বোনকে দোতালায় নিয়ে যান। সেখানে আনিসুল করিমকে একটি রুমের ফ্লোরে নিস্তেজ অবস্থায় শোয়া দেখতে পান তার বোন। দ্রুত জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে চিকিৎসকরা আনিসুলকে মৃত ঘোষণা করেন।”

Image
ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। ছবি: মাহমুদ জামান অভি

ঢাকার আদাবরে মাইন্ড এইড হাসপাতালে বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার আনিসুল করিমকে পিটিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করার পর মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। ছবি: মাহমুদ জামান অভি

উপ কমিশনার হারুন বলেন, সেখানে আসলে কী ঘটেছিল তা জানতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ তারা বিশ্লেষণ করেছেন।

“দেখা গেছে কয়েকজন মিলে মারতে মারতে আনিসুল করিমকে হাসপাতালের দোতলার একটি রুমে ঢোকায়। সেখানে তাকে মেঝেতে উপুড় করে শুইয়ে ফেলা হয় এবং তিন-চারজন পিঠের উপর হাঁটু দিয়ে চেপে বসে। কয়েকজন তার হাত ওড়না দিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলে।

“কয়েক জন আসামি কনুই দিয়ে তার ঘাড়ের পেছনে ও মাথায় আঘাত করে। একজন মাথার উপরে চেপে বসে এবং সকলে মিলে পিঠ, ঘাড়সহ শরীরের বিভিন্নস্থানে কিল-ঘুষি মারতে থাকে।  এক পর্যায়ে আনিসুল করিম নিস্তেজ হয়ে পড়েন।”

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপ কমিশনার হারুন অর রশিদ বলেন, রোগী ভাগিয়ে আনার ক্ষেত্রে ডাক্তারদের সংশ্লিষ্টতার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আনিসুল করিমের বাবা ফাইজ্জুদ্দিন আহমেদ পুলিশের একজন সাবেক ওসি এবং মুক্তিযোদ্ধা। তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে আনিসুল ছিলেন সবার ছোটো।

বড় ভাই রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক ও পেশাগত কারণে একটা মানসিক চাপ ছিল আমার ভাইয়ের উপর। সে কারণে তাকে ডাক্তার দেখাতে নেওয়া হয়। শুনেছিলাম ওই হাসপাতালটার পরিবেশ তুলনামূলক ভালো।… কয়েজন ভালো ডাক্তার নাকি বসেন, সেজন্যই সেখানে গেছি।”

কিন্তু সেখানে নেওয়ার পর কোনো ডাক্তার দেখার আগেই হাসপাতালের কর্মচারীরা আনিসুলকে মারধর করে জানিয়ে রেজাউল বলেন, “ও যখন নিস্তেজ হয়ে গেল, তখন একজন মহিলা ডাক্তার এসে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে। আমার ভাইকে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে।”

চার বছরের এক পুত্র সন্তানের জনক আনিসুল করিমকে মঙ্গলবার সকালে গাজীপুর কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হয়েছে বলে জানান তার ভাই।