২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকে অভিযোগ দ্বিগুণ হয়েছে, অভিযোগপত্র নেমেছে অর্ধেকে

দুর্নীতি দমন কমিশনে প্রতিবছর যেসব অভিযোগ জমা পড়ে, সেই সংখ্যাটি গত পাঁচ বছরে দ্বিগুণের বেশি হলেও সে তুলনায় মামলা দায়েরের সংখ্যা বাড়েনি।

তাবারুল হক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2020, 12:57 AM

Updated : 10 Oct 2022, 07:33 PM

এমনকি দুর্নীতি-অনিয়মের অভিযোগে কমিশন প্রতিবছর যে সংখ্যক মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে, তাও চার বছর অর্ধেকে নেমে এসেছে।

গত চার থেকে পাঁচ বছরের এ সংক্রান্ত দুদকের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দুর্নীতির অভিযোগ, মামলা ও আদালতে দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে এমন চিত্র পাওয়া যায়।

তবে একই সময়ের ব্যবধানে দুদকের মামলায় সাজার পরিমাণ বেড়ে ৩৭ শতাংশ থেকে ৬৩ শতাংশে উন্নীত হয়েছে।

অভিযোগ বেড়ে যাওয়া দুদকের উপর জন আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন কমিশনার মোজাম্মেল হক খান। আর মামলা কমে যাওয়ার কারণ হিসেবে দুদক আইন সংশোধনের ফলে জালিয়াতির মামলাগুলো পুলিশে হস্তান্তরের কথা বলেছেন তিনি।

তবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের ভাষ্য, মানুষ দুর্নীতি থেকে বাঁচতে দুদকের শরণ নিলেও সংস্থাটি সেই আশা পূরণে সফল হচ্ছে না।

২০০৪ সালে ‘দুর্নীতি দমন ব্যুরো’ বিলুপ্ত হয়ে প্রতিষ্ঠা হয় ‘দুর্নীতি দমন কমিশন’। এই কমিশনের প্রথম চেয়ারম্যান হন বিচারপতি সুলতান হোসেন খান।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মামলা-গ্রেপ্তার নিয়ে দুদক সবচেয়ে আলোচিত ছিল। তখন চেয়ারম্যান ছিলেন সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী।

২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর হাসান মশহুদ পদত্যাগ করলে চেয়ারম্যানের পদে নিয়োগ পান সাবেক সচিব গোলাম রহমান।

এরপর ২০১৩ সালে সাবেক অতিরিক্ত সচিব মো. বদিউজ্জামান চেয়ারম্যান হয়ে ২০১৬ সালের ১৩ মার্চ এই পদে দায়িত্ব পালন করেন।

এরপর থেকে সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদ বর্তমান কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

কমিশনের পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা, ২০১৫ সালে দুদকে দুর্নীতি-অনিয়ম সংক্রান্ত ১০ হাজার ৪১৫টি অভিযোগ জমা পড়ে। পাঁচ বছর পর ২০১৯ সালে সেই সংখ্যাটি দ্বিগুণ বেড়ে হয় ২১ হাজার ৩৭১টি।

অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে দুদকে জমা পড়া অভিযোগ ১০০ শতাংশের বেশি বেড়েছে।

এছাড়া ২০১৬ সালে ১২ হাজার ৯৯০টি অভিযোগ, ২০১৭ সালে ১৭ হাজার ৯৮৩ ও ২০১৮ সালে ১৬ হাজার ৬০৬টি অভিযোগ দুদকে জমা পড়েছে।

২০১৫ সালে জমা পড়া অভিযোগ থেকে এক হাজার ২৪০টি অভিযোগ অনুসন্ধানে নেয় দুদক। আর ২০১৬ সালের অভিযোগ থেকে এক হাজার সাতটি, ২০১৭ সালের অভিযোগ থেকে ৯৩৭টি, ২০১৮ সালের অভিযোগ থেকে এক ২৬৫টি এবং ২০১৯ সালের অভিযোগ থেকে এক হাজার ৭১০টি অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

দুদকের এমপি-অনুসন্ধান শুরু হয়, ফুরোয় না  

পাঁচ বছরের ব্যবধানে অভিযোগের সংখ্যা দ্বিগুণ হওয়ার বিষয়ে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশনের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়েছে বলে অভিযোগের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। কমিশন অনুসন্ধানের গুণগত মান নিশ্চিত করতে বদ্ধ পরিকর।”

দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের হটলাইন চালু অভিযোগ বাড়ার কারণ হতে পারে।

“এই হটলাইন করার কারণে মানুষের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে যে, এখানে নালিশ করলে হয়ত সুরাহা পাওয়া যাবে। কিন্তু সেটা খুব বেশি বাস্তবে রূপান্তরিত হয়নি।”

২০১৬ সালে দুদক মামলা করেছিল ৩৫৯টি। পরের বছর ২০১৭ সালে ২৭৩টি, ২০১৮ সালে ২১৬টি এবং ২০১৯ সালে ৩৬৩টি।

অর্থাৎ চার বছরের ব্যবধানে মামলা দায়েরের সংখ্যার দিক দিয়ে কোনো অগ্রগতি নেই।

এই বিষয়ে মোজাম্মেল বলেন, ২০১৩ সালে দুদক আইন সংশোধন হলে তারপর থেকে সরকারি কর্মচারী ছাড়া অন্যান্যদের জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগগুলো কমিশন মামলা না করে পুলিশের হাতে হস্তান্তর করছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এছাড়া ২০১৫ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধন হলে ২৭টি সম্পৃক্ত অপরাধের মধ্যে মাত্র একটি (ঘুষ ও দুর্নীতি) অপরাধের তদন্তের ক্ষমতা দুদককে দিয়ে বাকিগুলোর বিষয়ে আরও তিনটি সংস্থাকে ক্ষমতা দেওয়ার কারণে অনুসন্ধান ও মামলার সংখ্যা কিছুটা কমতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ইফতেখারুজ্জামান মনে করেন, দুদক কর্মীদের ‘দক্ষতার অভাবের কারণে’ মামলার পরিমাণ বাড়ছে না।

কমিশন থেকে ২০১৬ সালে বিভিন্ন মামলার ৫৩৫টি অভিযোগপত্র আদালতে দাখিল করেছিল। পরের বছর ২০১৭ সালে এই সংখ্যাটি কমে ৩৮২ হয়, এর পরের ২০১৮ সালে ২৩৬টি এবং ২০১৯ সালে ২৬৭টি মামলার অভিযোগপত্র দাখিল করেছে দুদক।

এ বিষয়ে মোজাম্মেল বলেন, “কমিশন থেকে মামলা তদন্তের বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করায় অভিযোগপত্রের সংখ্যা বাড়েনি। নিখুঁত তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে মামলাগুলো বিচারিক প্রক্রিয়ায় নেওয়া সম্ভব হলে সাজা নিশ্চিত করা যাবে।”

অভিযোগ দ্বিগুণ জমা হওয়ার পরও মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলে সংখ্যাগত কোনো উন্নতি না হলেও গত পাঁচ বছর ধরে দুদকের মামলায় সাজার পরিমাণ বেড়েছে।

২০১৫ সালে কমিশনের মামলায় ৩৭ শতাংশ ও ব্যুরোর মামলায় ২৫ শতাংশ সাজা হয়েছে। এরপর ২০১৬ সালে কমিশনের মামলার ৫৪ শতাংশ ও ব্যুরোর ৪৫ শতাংশ, ২০১৭ সালে কমিশনের মামলার ৬৮ শতাংশ ও ব্যুরোর মামলার ৩৯ শতাংশ সাজা হয়েছে।

এছাড়া ২০১৮ সালে কমিশনের মামলার ৬৩ শতাংশ এবং ব্যুরোর মামলার ৫০ শতাংশ এবং ২০১৯ সালে আদালত থেকে ৬৩ শতাংশ মামলার সাজা এসেছে।

গত পাঁচ বছরের ব্যবধানে সাজার পরিমাণ ৩৭ শতাংশ থেকে ৬৩ শতাংশে উন্নীত হওয়ায় তা কমিশনের ‘বড় অর্জন’ বলে মনে করেন দুদকের কর্মকর্তারা।

তবে দুদকের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে ইফতেখারুজ্জামান বলেন, “কিছু কিছু চুনোপুঁটি, ছোট-খাটো, নিম্ন বা মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে কিছু কিছু পদক্ষেপ গৃহীত হয়, কিন্তু উচ্চ বা উচ্চ মধ্যম পর্যায়ের প্রভাবশালীদের ক্ষেত্রে কিছুই হয় না।”