সগিরা মোর্শেদ হত্যা: মামলা শিশু আদালতে নিতে হাই কোর্টে মারুফ
তিন দশক আগের সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচারকাজ শিশু আদালতে স্থানান্তর করতে হাই কোর্টে রিভিশন আবেদন করেছেন অন্যতম আসামি মারুফ রেজা (৫৯)।
তার আইনজীবী দেওয়ান আব্দুন নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রাষ্ট্রপক্ষ রিভিশন আবেদনের অনুলিপি না পাওয়ায় মঙ্গলবার শুনানির জন্য দিন রাখা হয়েছে।
এদিকে এই আবেদন ও তিন আসামির পক্ষের আইনজীবীর অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাওয়ায় সোমবার এই মামলায় বিচার শুরুর আদেশ দিতে পারেনি দ্রুত বিচার আদালত।
অভিযোগ গঠনের জন্য ২৬ নভেম্বর দিন রেখেছেন ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এর আগে আরও তিনবার এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি।
নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সগিরা মোর্শেদ হত্যা মামলার আগের অভিযোগপত্রে মারুফকে আসামি করা হয় নাই। চলতি বছরের ১৫ জানুয়ারি তার নাম যুক্ত করা হয়েছে। জাতীয় পরিচয় পত্র ও পাসপোর্ট অনুযায়ী ঘটনার সময় মারুফের বয়স ছিল ১৬ বছর ১০ মাস ২৬ দিন। তাই তার ক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইন অনুযায়ী মামলার বিচার হবে।
“শিশু আইন ২০১৩ যদি আমার জন্য কার্যকরী হয়,তাহলে শিশু আদালতে এই আসামির বিচার দাবি করতে পারি।”
সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচার শিশু আদালতে স্থানান্তর করতে আবেদন করলে গত ৭ সেপ্টেম্বর চেয়ে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তা খারিজ করে দেন। পরে হাই কোর্টে রিভিশন চেয়ে আবেদন করা হয়।
সোমবার বিষয়টি শুনানির জন্য ওঠে। শুনানির এক পর্যায়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের কাছে রিভিশন আবেদনের অনুলিপি নাই। এরপর আদালত মঙ্গলবার শুনানির জন্য রাখে।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদ সালাম ভিকারুননিসা নূন স্কুল থেকে মেয়েকে আনতে যাচ্ছিলেন। বিকাল ৫টার দিকে সিদ্ধেশ্বরী রোডে পৌঁছামাত্র মটরবাইকে আসা ছিনতাইকারীরা তার হাতের সোনার চুড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি দৌড় দিলে তাকে গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই সগিরা মারা যান।
৩১ বছর পরে গ্রেপ্তার সগিরার ভাসুর ডা. হাসান আলী চৌধুরী (৭০), তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিন (৬৪), শাহিনের ভাই আনাছ মাহমুদ রেজওয়ান (৫৯) ও মারুফ রেজা (৫৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেছেন, স্ত্রীর কথায় প্ররোচিত হয়ে ছোট ভাইয়ের বউকে শায়েস্তা করার জন্য ২৫ হাজার টাকায় সে সময় বেইলি রোড এলাকার ‘সন্ত্রাসী’ মারুফ রেজাকে ভাড়া করেছিলেন ডা. হাসান। মারুফকে সহযোগিতার জন্য স্ত্রীর ভাই রেজওয়ানকে দায়িত্ব দেন।
পরিকল্পনা অনুযায়ী ১৯৮৯ সালের ২৫ জুলাই বিকালে স্কুল থেকে মেয়েকে আনতে রিকশায় করে ভিকারুননিসা নূন স্কুলের সামনে যাওয়া সগিরা মোর্শেদের পথ আটকান মটরসাইকেল আরোহী মারুফ ও রেজওয়ান। হাতব্যাগ ছিনিয়ে নেওয়ার পর তার হাতের বালা নিতে উদ্যত হলে রেজওয়ানকে চিনে ফেলার কথা বলেন সগিরা, তারপরই তার বুকে গুলি চালিয়ে দেন মারুফ রেজা।
এখন আবাসন ব্যবসায়ী ও বেইলি রোডের বাসিন্দা মারুফ রেজা এরশাদ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসানের ভাগ্নে। ওই সময়ই তিনি গ্রেপ্তার হলেও তার নাম বাদ দিয়ে মামলায় অভিযোগপত্র দিয়েছিল পুলিশ।
এরপর বিচার শুরু হলেও সাক্ষ্যে মারুফ রেজার প্রসঙ্গ উঠে আসায় অধিকতর তদন্তের নির্দেশ দেন বিচারিক আদালত। পরে উচ্চ আদালতে গিয়ে এই মামলা আটকে দেন মারুফ। পরে তদন্তকালে আসামি মিন্টু ও মারুফ গ্রেপ্তার হন। কিন্তু মারুফ রেজার নাম বাদ দিয়েই অভিযোগপত্র দেওয়া হয়।
