বাইডেন-হ্যারিসকে রাষ্ট্রপতির অভিনন্দন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান সম্পর্ক অত্যন্ত চমৎকার।
“যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের নেতৃত্বে দুই দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক আগামী দিনে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ব্যবসা-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হবে।”
আবদুল হামিদ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
তার রানিং মেট কমলা হ্যারিস প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন।
আর এর মধ্য দিয়ে বহু আলোচনা ও বিতর্কের জন্ম দেওয়া রিপাবলিকান দলের নেতা ডনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
