মৃত চিকিৎসকের নামে দেওয়া হচ্ছিল স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন
কয়েক মাস আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন চিকিৎসকের নামে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেওয়া হচ্ছিল ঢাকার শ্যামলীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে।
শনিবার দুপুরে হাইপোথাইরয়েড সেন্টার নামে ওই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুই কর্মচারীকে দুই বছর করে সাজা দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রক্ত পরীক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিলেও তারা ভুয়া রিপোর্ট দিত। পরীক্ষা না করেই অনুমানের উপর রিপোর্ট দিত।
“এই ল্যাবে মনিরুজ্জামান নামে একজন চিকিৎসকের নামে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দেওয়া হত। এই চিকিৎসক কয়েক মাস আগে করোনাভাইরাসে মারা গেছেন, অথচ তার নামে প্রতিবেদন দেওয়া হত। বিষয়টি দুঃখজনক।”
“বৈধ কোনো কাগজও নেই। ল্যাবের অবস্থাও করুণ।”
ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুল বাকের পলাতক জানিয়ে আশিক বিল্লাহ বলেন, প্রতিষ্ঠানটি সিলগালা করা ছাড়াও সোহেল রানা ও রাসেল নামে দুইজন কর্মচারীকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরে মোহাম্মদপুরের খিলজি রোডে সন্ধি ডায়াগনস্টিক সেন্টার এবং মুন ডায়াগনস্টিক সেন্টারে দুপুর থেকে রাত পর্যন্ত অভযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনায় মাহমুদুল হাসান আপেল (২৮) ও রাজিব সরকার (২৬) নামে ওই দালালদের ছয় মাস করে কারাদণ্ড এবং সন্ধি ডায়াগনস্টিক সেন্টারের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
একইভাবে মুন ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের স্বাক্ষর করা বহু ফাঁকা প্যাড এবং একজনের নামে বিভিন্ন ধরনের স্বাক্ষর করা প্যাড ছাড়াও বেশ কিছু অনিয়ম পাওয়ায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
