২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ ফেরত ২১৯ জনকে ৫৪ ধারার দায় থেকে অব্যাহতি

কোভিড-১৯ মহামারীর মধ্যে কুয়েত, কাতার ও বাহরাইন থেকে দেশে আসা ২১৯ বাংলাদেশিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার দায় থেকে অব্যাহতি দিলেও এ ধারা সংক্রান্ত সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ না করায় উষ্মা প্রকাশ করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2020, 02:58 AM

Updated : 18 Aug 2022, 04:03 PM

আদালত বলেছে, এই রায়টি বাস্তবায়নের দিকে নজর দেওয়া উচিৎ। সেভাবেই পর্যবেক্ষণ দেওয়া হবে, যাতে রায়টি সবাই অনুসরণ করা হয়।

২১৯ প্রবাসী বাংলাদেশি ৫৪ ধারার গ্রেপ্তার সংক্রান্ত শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক একথা বলেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে কুয়েত, বাহরাইন ও কাতার থেকে ফেরত আসা ২১৯ প্রবাসীকে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

কী কারণে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, তা উল্লেখ না থাকায় হাই কোর্টে গত মাসে মামলা করেন সে সময় কারাগারে থাকা চাঁদপুরের শাহীন আলমসহ বেশ কয়েকজন প্রবাসী।

সে আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৮ অক্টোবর হাই কোর্ট রুলসহ আদেশ দেয়।

সেই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকার ঢাকা মূখ্য মহানগর হাকিমের কাছে ব্যাখ্যা চায় আদালত।

আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার হাই কোর্টে হাজির হন তুরাগ থানার উপপরিদর্শক মো. শফিউল্লাহ।

আদালতে ২১৯ আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। 

আদালতে দাখিল করা তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, যাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, তারা বিদেশে গিয়ে নানা অপরাধ করায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এদের মধ্যে কেউ ৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত দণ্ডিত হয়েছেন।

আর ঢাকা মূখ্য মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াতের প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের নাম-ঠিকানার সঠিকতা ও অতীত রেকর্ড ইতিবাচক প্রতিবেদন পাওয়ার পর ১৪ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন তারিখে আটক ব্যক্তিরা জামিনে মুক্ত হন। পরে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।

তার আগে শুনানিতে আবেদনকারী আইনজীবী জ্যের্তিময় বড়ুয়া বলেন, প্রবাসীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপনের সময় তদন্ত কর্মকর্তা কোনো কেস ডায়েরি উপস্থাপন করেননি। কিন্তু আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনীকে কেস ডায়েরি মেইনটেইন করতে হবে।

আর কেস ডায়েরি না থাকলে ম্যাজিস্ট্রেটের অঙ্গীকারনামা নিয়ে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেবেন।

আর এই কেস ডায়েরি না দেওয়ায় দণ্ডবিধির ২২০ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আর ৫৪ ধারায় কাউকে ১৫ দিনের বেশি আটক রাখারও সুযোগ নাই।

“কিন্তু দেখা যাচ্ছে আপিল বিভাগের রায়ের নির্দেশনা কেউ মানছেন না। সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের রায়ই আইন। সেটি সকলেই মানতে বাধ্য।”

তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বলেন, “করোনাকালে ২১৯ জন প্রবাসীর তথ্য বিভিন্ন দূতাবাসের মাধ্যমে সংগ্রহ করেছে তদন্ত কর্মকর্তা। সেটা আমরা দেখেছি। আর ম্যাজিস্ট্রেট মামলাটির কার্যক্রম শেষ করেছেন। এ কারণে মামলাটি নিষ্পত্তি করে দেওয়া হল।