২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালায়নের সম্পত্তি ও শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা

বিকল্প ধারার মহাসচিব সাংসদ আবদুল মান্নানের মালিকানাধীন ওয়্যারলেস ব্রডব্যান্ড অপারেটর বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের স্থাবর-অস্থাবর সম্পত্তি ও শেয়ার হস্তান্তরে বিরত থাকার নির্দেশ দিয়েছে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 07:53 PM

Updated : 18 Aug 2022, 04:02 PM

কোম্পানির অবসায়ন চেয়ে ফারইস্ট ইসলামিক লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদন নিষ্পত্তি না হওয়া পর‌্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।

এছাড়া ব্যাংক, অর্থিক প্রতিষ্ঠান, ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংক অথবা একই জাতীয় প্রতিষ্ঠানে থাকা বাংলালায়নের ব্যাংক অ্যাকউন্টের অর্থ ও জামানত উত্তোলনের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

১৯৯৪ সালের কোম্পানি আইনের ২৪১ ও ২৪৫ ধারায় বাংলালায়নের বন্ড গ্রাহক ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদনের শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ গত ১৮ অক্টোবর এই আদেশ দেয়। সংশ্লিষ্ট কোর্ট থেকে লিখিত আদেশটি পাওয়া যায় বৃহস্পতিবার।

বাংলালয়নের অবসায়ন চেয়ে ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদনটি কেন গ্রহণ করা হবে নাও তা জানতে চেয়েছে হাই কোর্ট। আগামী রোববারের মধ্যে এ জবাব দিতে বলা হয়েছে।

জবাব না পেলে ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদননটি গ্রহণ করে বাংলালায়নের অবসায়নের ব্যপারে দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে বা এ ব্যাপারে প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন, মো. সাইফুল ইসলাম সাইফ ও ইমরান আলী।

আইনজীবী সাইফ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১২ সালে বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের ৫০ কোটি টাকার বণ্ড কেনে ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ইংরেজি ‘বন্ড’ শব্দটির অর্থ অঙ্গীকারনামা বা মুচলেকা। ব্যবহারিকভাবেও বন্ড হচ্ছে এটির বিপরীতে যে ঋণ নেওয়া হচ্ছে, তা নির্দিষ্ট সময়ে প্রতিশ্রুত সুদসহ ফেরত দেওয়ার অঙ্গীকারপত্র।  

ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স যে টাকার বন্ড কিনেছিল, ২০১৪ সাল থেকে পাঁচ বছরে পাঁচটি কিস্তিতে তা পরিশোধ করার কথা ছিল বাংলালায়নের।  

২০১৯ সালে ফারইস্ট বন্ডের টাকা ফেরত চায়; যার বাজার মূল্য তখন ৯৮ কোটি টাকা ছিল। বর্তমান এর বাজার মূল্য ১৩৯ কোটি টাকা বলে জানান সাইফ।  

তিনি বলেন, টাকা চেয়ে বিভিন্ন সময় চিঠি দেওয়া হলেও বাংলালায়ন সন্তোষজনক জবাব না দেওয়ায় ফারইস্ট উচ্চ আদালতে আসে।

আবেদনে বাংলালায়নের অবসায়ন চাওয়ার পাপাশি কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

সাইফ বলেন, “আদালত শুনানি নিয়ে বাংলায়নের স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন। আর ফারইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আবেদনটি কেন গ্রহণ করা হবে না, জানতে চেয়ে কারণ দর্শাতে বলেছেন।”