মুগদায় তরুণীর লাশ উদ্ধার
রাজধানী মুগদার দক্ষিণ মাণ্ডা এলাকার একটি বাসা থেকে এক তরুণীর গলায় ওড়না পেঁচানো ও হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
লিমা আক্তার (২১) নামের ওই তরুণীর লাশ বুধবার রাতে উদ্ধার করা হয়।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা বলেন, এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খবর দিলে পুলিশ বুধবার রাত সাড়ে নয়টার দিকে ওই বাসায় গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।
দক্ষিণ মাণ্ডার হিরু মিয়া রোড বালুর মাঠ এলাকার তিনতলা ভবনের একটি কক্ষে নিলয় (২৮) নামের এক তরুণের সঙ্গে লিমা থাকতেন জানিয়ে তার ভাই সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বোন গত জানুয়ারি মাসে এক লাখ টাকা নিয়ে তাদের জসীমউদ্দিন রোডের বাসা থেকে বের হয়ে যায়।
“এরপর তার সঙ্গে আর যোগাযোগ ছিল না। পরে শুনেছি নিলয় নামের এক ছেলেকে বিয়ে করে ওই বাসা থাকত।”
ওসি প্রলয় বলেন, “লিমা পরিবারের সঙ্গে এক প্রকার বিচ্ছিন্ন ছিল। সে একটি মোটর সাইকেল চালাত। এই মোটর সাইকেলে ‘সংবাদপত্র’ লেখা থাকলেও কোন পত্রিকায় কাজ করত তা কেউ বলতে পারেনি।
“লাশ পাওয়ার রাতেই খবর পেয়ে তার ভাই এসে লাশ শনাক্ত করে।”
তিনি বলেন, লিমার গলায় ওড়না পেঁচানো এবং হাত বাঁধা ছিল।
“নিলয় নামের যে যুবকের সাথে তার বিয়ে হয়েছে বলে শোনা যাচ্ছে তাকে খোঁজ করা হচ্ছে। সেই সাথে প্রকৃত হত্যাকারীকে শনাক্তে পুলিশ কাজ করছে। তবে নিলয়কে পাওয়া গেলে হত্যার রহস্য জানা যেতে পারে।”
লিমার গ্রামেরবাড়ি শরিয়তপুর জেলার পালং উপজেলার আঙ্গারীয়া গ্রামে।
তিন বোন, এক ভাইয়ের মধ্যে লিমা সবার ছোট।
