২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ এলাকার বেওয়ারিশ কুকুর অপসারণ চায় সংসদ কমিটি

ঢাকার একটি সিটি কর্পোরেশন থেকে কুকুর সরানো নিয়ে আলোচনার মধ্যে এবার সংসদ ভবন এলাকার বেওয়ারিশ কুকুর দ্রুত অপসারণ চাওয়া হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 11:28 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠকে বেওয়ারিশ কুকুর অপসারণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংসদ সদস্যদের আবাসন, নিরাপত্তা, অফিস বরাদ্দসহ বিভিন্ন বিষয় তদারক করে সংসদ কমিটি।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর সরানোর উদ্যোগ নেওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।

কুকুর সরানোর এই পদক্ষেপের সমালোচনা করেন প্রাণি অধিকারকর্মীরা; এটা যে আইনসম্মত নয়, তাও তুলে ধরে তারা।

এদিকে সংসদ কমিটির বৈঠকে সংসদ সদস্য ভবনের বরাদ্দ নীতিমালা তৈরির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। কমিটির আগামী ভৈঠকে নীতিমালাটি চূড়ান্ত হতে পারে।

কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ সদস্যদের অনুকূলে ফ্ল্যাট বরাদ্দের জন্য আমরা একটি নীতিমালা তৈরি করছি। আগামী বৈঠকে এটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কোনো সংসদ সদস্য মারা গেলে তার পরিবার তিন মাস সেখানে বসবাস করতে পারবে এমন বিধানসহ কিছু বিধি যুক্ত করা হচ্ছে।”

বর্তমানে কোনো এমপি মারা গেলে তার পরিবার এক মাস সংসদ সদস্য ভবনে বসবাস করতে পারেন।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সংসদ-সদস্য ভবনগুলোর ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান শর্তাবলীর পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন বিষয়ে আলোচনা করা হয় এবং সংসদ-সদস্য ভবনগুলোর ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের ৪, ৫ ও ৬ নম্বর সংসদ সদস্য ভবনের ফ্ল্যাটগুলোর তেলাপোকা-উইপোকা নির্মূলের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ সদস্য ভবনের সামনে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশন ও ওয়াসাকে বলা হয়।

বৈঠকে সংসদ সদস্য ভবন, পুরাতন সংসদ সদস্য ভবন এবং মন্ত্রী হোস্টেলে স্থায়ী কমিটির সভাপতিদের কার্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা এবং অগ্নি-নির্বাপণ যন্ত্রপাতি স্থাপনের জন্য সুপারিশ করা হয়।

মানিক মিয়া অ্যাভিনিউস্থ এবং নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের সামনে সাইনবোর্ড/বিল বোর্ডসহ যাবতীয় ব্যানার অপসারণের সুপারিশও করেছে সংসদ কমিটি।

কমিটির সভাপতি প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মনজুর হোসেন এবং শওকত হাচানুর রহমান (রিমন) অংশ নেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ-সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মো. সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক নাহিদ ইজাহার খান এবং যুগ্ম আহবায়ক নার্গিস রহমান অংশ নেন।