সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়ানোর ডাক
লালমনিরহাটের বুড়িমারী ও কুমিল্লার মুরাদনগরের ঘটনার প্রেক্ষাপটে দেশব্যাপী সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিতে গণআন্দোলন গড়ে তোলার ডাক এসেছে শাহবাগের এক প্রতিবাদী সমাবেশ থেকে।
ধর্ম অবমাননার অপবাদে লালমনিরহাটে পুড়িয়ে হত্যা এবং কুমিল্লার মুরাদনগরে হিন্দুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে মঙ্গলবার বাম সংগঠনগুলোর সাংস্কৃতিক সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়।
এতে অংশ নেয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, “সারাদেশে সাম্প্রদায়িকতার যে নমুনা দেখতে পাচ্ছি, তার সবই হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়।
“সরকার যে আইন করেছে, সে আইনের যাঁতাকলে আজকে মুক্তবুদ্ধি, মু্ক্তচিন্তা কারারুদ্ধ হয়ে গেছে। দেশে বাকস্বাধীনতা, মু্ক্তচিন্তা বলতে কিছু নেই।”
ক্ষমতাসীনরা সাম্প্রদায়িক শক্তিকে তোষণ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে দাবি করে তপন বলেন, “এসবের বিরুদ্ধে আমাদেরকে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।”
শাহবাগের এই সংস্কৃতির সমাবেশ থেকে দেশব্যাপী ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়। নারীর প্রতি বৈষম্যমূলক আইন বিলোপ, পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ও আসে।
শাহবাগের সংস্কৃতির সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আক্তার, নীহাররঞ্জন হাওলাদার, হাবিবুল আলম, সাজেদা বেগম সাজু।
আবৃত্তি পরিবেশন করেন আব্দুল করিম সরদার, মিজানুর রহমান সুমন, রুমা সরকার।
পরে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নাট্য বিভাগ মঞ্চস্থ করে পথনাটক সময়ের আর্তনাদ।
পরে সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে প্রতিবাদী মশাল মিছিল বের করে।
