মহাখালীতে সড়ক আটকে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা না নেওয়াসহ চার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক আটকে বিক্ষোভ দেখিয়েছে মেডিকেল শিক্ষার্থীরা।
ফ্লাইওভারের নিচে আমতলী সিগন্যালে বিক্ষোভের কারণে মঙ্গলবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত গুলশান, বিমানবন্দর ও তেজগাঁওয়ের পথে যান চলাচল বন্ধ থাকে; ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রীরা।
বনানী থানার ওসি নূরে আজম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা কিছু দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিল। এ কারণে কিছুক্ষণ যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। দুপুরের পর তারা সড়ক থেকে উঠে গেলে তা স্বাভাবিক হয়।
“আমাকে বন্ড দিতে হবে যে আমি পরীক্ষার জন্য অ্যালাউ হওয়ার পর আমার যদি করোনা হয় তাহলে আমি পরীক্ষা দিব না। এছাড়া করোনাভাইরাস আক্রান্ত হওয়ার এই দায়ও কর্তৃপক্ষ নিবে না। এ কারণেই আমরা আন্দোলনে আছি।”
কর্মসূচি চলার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আন্দোলনকারীদের ডেকে পাঠান। ৬ জন শিক্ষার্থী মহাপরিচালকের সঙ্গে দেখা করতে যান।
একটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী বলেন, “ডিজি স্যারের কাছ থেকে আমরা আশানুরূপ কোনো কথা শুনতে পাইনি। দাবি আদায় না হলে কর্মসূচি চলবে।”
প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির ব্যানারে আন্দোলনকারীদের দাবিগুলো হলো- করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না ও করোনাভাইরাস মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে।
