২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পর্বের ক্লাস-পরীক্ষা নিয়ে ইউজিসির ৭ নির্দেশনা

করোনাভাইরাস মহামারীর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পর্বের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়ার বিষয়ে সাতটি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2020, 08:27 PM

Updated : 18 Aug 2022, 04:01 PM

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনাগুলো সোমবার সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও নিবন্ধকদের পাঠানো হয়েছে।

নির্দেশনাগুলো-

# শুধু স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়া যাবে।

# এক দিনে একটি প্রোগ্রামের একটির বেশি ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়া যাবে না।

# স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা (যেমন- বাধ্যতামূলক ফেস মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণ ইত্যাদি) কঠোরভাবে অনুসরণ করতে হবে।

# প্রতি ক্লাসে একসাথে অনধিক ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে।

# শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর কেবলমাত্র আধা ঘণ্টা আগে ক্যাম্পাসে আগমন এবং তা শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে ক্যাম্পাস ছাড়তে হবে। সংশ্লিষ্ট কোর্সের মৌখিক পরীক্ষা অনলাইনে সম্পন্ন করতে হবে।

# ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মধ্যে দূরত্ব থাকতে হবে ন্যূনতম ছয় ফুট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও উক্ত দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

# ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এ ব্যাপারে কমিশন কোনো দায়ভার গ্রহণ করবে না।

চিঠিতে গত ৭ মে জারিকৃত সাধারণ নির্দেশাবলী যথাযথ প্রতিপালন ও অনুসরণ নিশ্চিত করতেও অনুরোধ করা হয়েছে।

কোভিড-১৯ এর ভয়াবহতা ও উদ্ভূত পরিস্থিতিতে ৭ মে এবং ১৭ অগাস্ট ইউজিসি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেয়।

সেই নির্দেশনায় ল্যাবরেটরিভিত্তিক সব কোর্সের ব্যবহারিক ক্লাস-পরীক্ষা ও মূল্যায়ন করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই অতিরিক্ত সময় বরাদ্দ করে সরাসরি শ্রেণিকক্ষে সম্পন্ন করতে বলা হয়।