পরিকল্পনামন্ত্রীর পরীক্ষার ফল ‘নেগেটিভ’, তবে এখনও হাসপাতালে
এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের করোনাভাইরাস পরীক্ষায় ‘নেগেটিভ’ ফল এসেছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর গত ১৩ অক্টোবর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৪ বছর বয়সী মান্নান।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন দিন আগে মন্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসে। বুধবার সন্ধ্যায় আরেকটি পরীক্ষার ফলেও করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
“পরপর দুই বার নেগেটিভ আসল। বলা যায় মন্ত্রী করোনামুক্ত।”
তবে মন্ত্রী এখনও শারীরিকভাবে ‘অনেক দুর্বল’ আছেন জানিয়ে শাহেদ বলেন, “হাসাপাতাল কর্তৃপক্ষ মন্ত্রীর আরও বেশ কয়েকটি পরীক্ষা করিয়েছেন। ওই সব রিপোর্টের ফলাফল পাওয়ার পর এবং মন্ত্রীর শারীরিক অবস্থা দেখে কবে নাগাদ হাসপাতাল ছাড়বেন সে সিদ্ধান্ত নেওয়া হবে।”
