ডিপিএস-এসটিএসের টিউশন ফি নিয়ে আগের নির্দেশই বহাল
স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত টিউশন ফি পরিশোধ করতে না পারা বা বিলম্বে পরিশোধের কারণে উত্তরার ডিপিএস-এসটিএস স্কুলের কোনো শিক্ষার্থীকে ভার্চুয়াল ক্লাস থেকে বঞ্চিত না করতে নির্দেশ দিয়েছে হাই কোর্টের নিয়মিত বেঞ্চ।
চার মাস আগে ভার্চুয়াল হাই কোর্টের দেওয়া এই নির্দেশ বহাল রেখে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেয়।
আদালতে রিটকারীপক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক। ডিপিএস-এসটিএস স্কুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুরাদ রেজা।
আইনজীবী ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত তিনদিন শুনানি শেষে মাননীয় আদালত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ডিপিএস স্কুল কর্তৃপক্ষের উপর রুল জারি করেছে।
“পাশাপাশি স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত টিউশন ফির কারণে কোনো শিক্ষার্থীকে ভার্চুয়াল ক্লাস থেকে বঞ্চিত না করতে নির্দেশ দিয়েছে। এমনকি আদালত বলে দিয়েছেন, টিউশন ফি পরিশোধ না করা বা বিলম্বে পরিশোধের কারণে কোনো শিক্ষার্থীর প্রমোশনও বন্ধ করা যাবে না।”
আদালতের এই আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বিবাদিদের কাছে পৌঁছে দিতে রিটকারীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনজীবী ওমর ফারুক।
করোনাভাইরাস মহামারীর মধ্যে গত ১৫ জুলাই ডিপিএস-এসটিএস স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ আদেশ দিয়েছিল।
আদেশে বলা হয়েছিল, টিউশন ফির কারণে যাতে এই স্কুলের কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাস থেকে বাদ না দেওয়া হয়।
এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিউশন ফি ৫০ শতাংশ কমানো এবং টিউশন ফি নির্ধারণের বিদ্যমান কাঠামো পুনর্গঠন করতে গত ৫ জুলাই রিট আবেদনকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগে যে আবেদন করেছিলেন সেটি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছিল আদালত।
হাই কোর্টের এই আদেশটি স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ডিপিএস-এসটিএস কর্তৃপক্ষ।
গত ২৯ জুলাই চেম্বার বিচারক স্কুল কর্তৃপক্ষের আবেদনে সাড়া না দিয়ে সেটি আপিলের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে নিয়মিত লিভ-টু আপিল করতে বলে।
এদিকে গত ১১ অগাস্ট থেকে হাই কোর্টে নিয়মিত বেঞ্চ চালু হওয়ার পর রিটটি নিয়মিত হাই কোর্ট বেঞ্চে উপস্থাপনের উদ্যোগ নেন রিটকারী।
গত সপ্তাহে তা বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চে উপস্থাপন করা হয়।
করোনাভাইরাস মহামারীর মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিউশন ফি কমানোর জন্য অভিভাবকরা দাবি জানিয়ে আসছিলেন। আন্দোলনও করেছেন অভিভাবকরা।
এর মধ্যে ডিপিএস-এসটিএস স্কুলে টিউশন ফি পরিশোধে অভিভাবকদের উপর অনৈতিক চাপ, শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি ও করোনা মহামারীর সময়কালে টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়ে এক শিক্ষার্থীর অভিভাবক কামরুজ্জামান কামরুল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন।
কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সাড়া না পাওয়ায় মহাপরিচালকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ১২ জুলাই হাই কোর্টে রিট করেন কামরুজ্জামান।
আরও পড়ুন
