সীসা পুনঃপ্রক্রিয়াজাতকরণে নীতিমালা প্রণয়নের দাবি
বাংলাদেশে অবাণিজ্যিক ও বাণিজ্যিকভাবে ব্যবহৃত সীসা এবং ব্যবহৃত লেড এসিড ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণে নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যবস্থাপনা এবং সুস্পষ্ট নীতিমালা তৈরির জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
মঙ্গলবার এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসডো) এবং পিওর আর্থ এবং ইউএনএপি এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনলাইন কর্মশালা এবং মাল্টিস্টেকহোল্ডার পরিকল্পনা বিষয়ক এক বৈঠকে এই দাবি তোলেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহমেদ।
তিনি বলেন, “বর্তমান সরকার ইউএলএবি ইস্যু নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে। এসডো, পিওর আর্থ এবং ইউএনএপিকে অনুরোধ করব এই বিষয়ে একটি রোডম্যাপ প্রস্তুত করার ক্ষেত্রে সাহায্য করতে, যাতে করে আমরা এই বিষয়ে একটি সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে পারি।”
এসডো পিওর আর্থ এবং ইউএন এনভায়রনমেন্ট নামক বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে বাংলাদেশে ইএসএম এবং ইউএলএবি নামক সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহসহ দেশের ছয়টি বিভাগীয় শহরে ১৪৭টি পুনর্ব্যবহারযোগ্য জোনের মধ্যে ৫৯টি লেড দূষিত এলাকা রয়েছে বলে এসডোর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে।
এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানা বলেন, “আমরা সরকারকে অনুরোধ করব নিরাপদ এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে বাংলাদেশে অবাণিজ্যিক এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রে ব্যবহৃত লেড এসিড ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাত করার জন্য।”
এছাড়া সীসা দূষণে শিশুদের মারাত্মক স্নায়ুবৈকল্য হয় বলে তা এড়ানোর জন্য শিশুশ্রম কমানোর কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউএন এনভায়রনমেন্টের কেমিক্যাল এন্ড হেলথ ব্রাঞ্চের প্রোগ্রাম অফিসার ড. ডেসিরি র্যাকল নারভেজ, সাউথইস্ট এশিয়া, পিওর আর্থের গ্লোবাল পলিসি এন্ড প্লানিং এবং রিজিওনাল ডিরেক্টর এন্ড্রু ম্যাককারটর, সাবেক প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমেদ, এসডোর মহাসচিব শাহরিয়ার হোসেন যোগ দেন।
