মিলাদুন্নবিও পালন স্বাস্থ্যবিধি মেনে
করোনাভাইরাস মহামারীকালে ঈদসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের মতো ঈদ-ই-মিলাদুন্নবিও পালিত হবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে।
মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ অক্টোবর বাংলাদেশে ঈদ-ই মিলাদুন্নবী পালিত হবে।
ধর্ম সচিব মো. নূরুল ইসলাম জানান, কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবি উদযাপন করা হবে।
মিলাদুন্নবিতে সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জাতীয় পতাকা ও ‘কালেমায় তায়্যিবা’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়ে প্রদর্শনের সিদ্ধান্তও হয়েছে। এছাড়া সরকারি ভবন ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা হবে।
মিলাদুন্নবি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে এবং পক্ষকালব্যাপী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করবে। শিশু একাডেমিও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। রেডিও ও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।
দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে সেদিন।
