দুর্নীতি ও অনিয়ম: স্বাস্থ্য অধিদপ্তরের ৪ জনকে জিজ্ঞাসাবাদ
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল বিত্ত-বৈভবের মালিক হওয়ার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের চার কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. সামছুল আলমের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. রুহুল আমিন, প্রধান সহকারী জাহাঙ্গীর হোসের হাওলাদার, অধিদপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহজাহান ফকির ও আবু সোহেল দুদকের এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে প্রধান সহকারী জাহাঙ্গীর হোসেন দাবি করেন, তার কোনো অঢেল সহায়-সম্পত্তি নেই। অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী বিপুল সম্পদের মালিক হয়েছেন কিনা তা জানেন না তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “না আমার কোনো সম্পদের পাহাড় নেই। অন্যদের বেলায় কী আছে, কী নেই তা আমি জানি না। আমার যা বলার আমি এখানে (দুদক) বলে গেছি, আপনারা জেনে নিবেন।”
তবে জাহাঙ্গীরের সাথে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।
৮ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর নোটিস পাঠিয়ে ১২ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন অনুসন্ধান দলের প্রধান কর্মকর্তা সামছুল আলম।
এতে ১৩, ১৪ ও ১৫ অক্টোবর তাদেরকে জিজ্ঞাসাবাদ করার কথা উল্লেখ করা হয়েছিল।
ওই নোটিসে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেকে নিজের ও স্ত্রীর নামে থাকা পাসপোর্ট, এনআইডি ও আয়কর রিটার্নের অনুলিপি সঙ্গে করে নিয়ে আসতে বলা হয়।
বাকিদের মধ্যে বুধবার জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে- স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি ক্লিনিক শাখার সহকারী আনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মো. শাহানেওয়াজ ও শরিফুল ইসলাম, উচ্চমান সহকারী শরিফুল ইসলাম এবং অফিস সহকারী মো. হানিফকে।
আর আগামী বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়- স্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহকারী মাসুদ করিম, মো. আলাউদ্দিন, মো. ইকবাল হোসেন এবং কুষ্টিয়ার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্টোর কিপার মো. সাফায়েত হোসেন ফয়েজকে।
১২ কর্মকর্তা-কর্মচারীকে তলব করে নোটিসে অভিযোগ সম্পর্কে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরে সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জন করে বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ রয়েছে।
দুদকের কর্মকর্তারা জানান, কমিশনের একটি দল ২০১৯ সাল থেকে অনুসন্ধান চালিয়ে স্বাস্থ্যখাতের ৪৫ জন কর্মকর্তা-কর্মচারীর সন্ধান পাওয়া গেছে, যারা সিন্ডিকেট করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়েছেন।
তাদের কয়েক জনের বিরুদ্ধে ইতোমধ্যে মামলাও করেছে দুদক। অন্যান্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
গত ২১ সেপ্টম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কোটিপতি গাড়িচালক আব্দুল মালেক র্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম-দুর্নীতির নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।
