২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের ছুরিকাঘাতে মৃত্যু

ঢাকার হাজারীবাগ থানাধীন বছিলায় ছেলের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 06:00 PM

Updated : 18 Aug 2022, 03:54 PM

নিহতের নাম লাল মিয়া (৪৮)। তার তিন ছেলে ও স্ত্রী ঘটনার পর থেকে পলাতক বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে দক্ষিণ বছিলা সেতুর পাশে নিজের বাড়িতেই ছুরিকাহত হন লাল মিয়া।

রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের এক পর্যায়ে কোনো এক ছেলে লাল মিয়াকে ছুরিকাঘাত করেন বলে ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি জানিয়েছেন।

তিনি বলেন, লাল মিয়ার স্ত্রী আরজুদা বেগমের সঙ্গে কয়েক মাস আগে তার ছাড়াছাড়ি হয়। এরপর বাড়ির তৃতীয় তলার এক অংশে লাল মিয়া থাকতেন, অন্য অংশে তিন ছেলেকে নিয়ে থাকতেন আরজুদা।

“মঙ্গলবার দুপুরে বড় ছেলে জহিরুল ইসলাম, মেজ ছেলে সাজ্জাদুল ও ছোট ছেলে মিলন ও তাদের মায়ের সঙ্গে লালমিয়ার ঝগড়া হয়। ঝগড়ার ফাঁকে কোনো এক ছেলে তাকে ছুরিকাঘাত করে।”

লাল মিয়া তার স্ত্রীকে তালাক দেওয়ার পর আবার বিয়ে করতে চাচ্ছিলেন। তা নিয়ে ছেলেদের সঙ্গে কলহ চলছিল।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে তিন ছেলে ও তাদের মা পলাতক রয়েছেন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।