মেয়র আতিক হাসপাতালে ভর্তি
করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম হাসপাতালে ভর্তি হয়েছেন।
তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামও ভর্তি হয়েছেন হাসপাতালে। তিনিও কোভিড-১৯ আক্রান্ত।
রোববার নমুনা পরীক্ষার পর আতিক ও শায়লা উভয়েরই সংক্রমণ ধরা পড়েছিল। তবে তেমন সমস্যা না হওয়ায় তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।
মঙ্গলবার বিকালে তারা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
৫৯ বছর বয়সী আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুসফুসে ‘মৃদু’ সংক্রমণ দেখা দেওয়ায় হাসপাতালে এসেছেন তিনি।
“অক্সিজেন সেচুরেশনও কিছুটা কম। এটা যেহেতু সরকারি হাসপাতাল এ কারণে স্ত্রীকে নিয়ে এখানেই ভর্তি হয়েছি। সবার দোয়া চাইছি।”
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ জানান, মেয়র আতিক ও তার স্ত্রীকে কেবিনে ভর্তি করা হয়েছে।
“উনারা মাত্র এসেছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তারপর বলা যাবে সংক্রমণ কোন পর্যায়ে আছে।”
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন সোমবার মেয়র ও তার স্ত্রীর আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন।
সেদিন পরে মামুনেরও কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।
এছাড়া উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জোবাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদ, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, অঞ্চল-৮ এর নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী এবং অঞ্চল-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী এবং কার্য সহকারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
