ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা
এডিবির পরামর্শক হিসেবে কর্মজীবন শেষ করা প্রকৌশলী গোলাম মোস্তফাকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার তার নিয়োগের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে ২০০৯-১২ মেয়াদেও ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অধ্যাপক আব্দুর রশিদ সরকার গত ৯ সেপ্টেম্বর মারা যাওয়ায় ওয়াসা বোর্ডের চেয়ারম্যানের পদটি শুন্য হয়।
তার স্থলাভিষিক্ত প্রকৌশলী গোলাম মোস্তফার জন্ম ১৯৫৩ সালে ঝিনাইদহে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং পরে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মস্কোতে প্রকৌশল বিষয়ে লেখাপড়া করেন তিনি। সেতু হাইড্রোলজির ওপর ১৯৮১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি উপদেষ্টা প্রকৌশলী হিসেবে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) স্টাফ কনসালট্যান্ট হিসেবে কর্মজীবন শেষে অবসরে যান গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা দীর্ঘ ১৬ বছর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী অধ্যাপক দিল আফরোজা বেগম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য।
