৩ দপ্তরের প্রধান শীর্ষ গ্রেডে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক, পেট্রোবাংলার চেয়ারম্যান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে সচিব পদমর্যাদার গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বিটিভি মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাসকে বেতন কাঠামোর শীর্ষ গ্রেড দিয়ে সোমবার আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সরকারি কর্মচারীদের জন্য সবশেষ অষ্টম বেতন কাঠামোতে ২০টি গ্রেড রাখা হয়েছে। গ্রেড-১ ভুক্ত একজন কর্মকর্তার মূল বেতন ৭৮ হাজার টাকা।
এর বাইরে অষ্টম বেতন কাঠামোতে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের জন্য বিশেষ গ্রেডে ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য ৮২ হাজার টাকা মূল বেতন ধরা হয়েছে।
