ঢাকায় বাসের ধাক্কায় মায়ের মৃত্যু, মেয়ে আহত
ঢাকার মৎস্য ভবন এলাকায় একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন পথচারী এক নারী, আহত হয়েছেন তার মেয়ে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম রেজিয়া খাতুন (৬০); তার মেয়ে রিনা আক্তারকে (৩০) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহবাগ থানার ওসি মামুনুর রশীদ বলেন, বার কাউন্সিলের সামনে সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় মালঞ্চ পরিবহনের একটি বাসের ধাক্কায় রেজিয়া ও রিনা আহত হন।
দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রেজিয়াকে মৃত ঘোষণা করেন।
রিনা দুই পায়েই আঘাত পেয়েছেন।
ওসি বলেন, রেজিয়া পাবনার সুজানগরে নুরউদ্দিনপুর থেকে চিকিৎসার জন্য ঢাকায় ছেলের বাসায় এসেছিলেন।
তার ছেলে আবুল হাসান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধনকর্মী। তিনি গণপূর্ত কোয়ার্টারে থাকেন।
রিনা মাকে তার মিরপুরের বাসায় নিতে ভাইয়ের বাসায় এসেছিলেন। বিকালে তিনি মিরপুর যেতে ভাইয়ের বাসা থেকে মাকে নিয়ে বেরিয়েছিলেন।
ওসি মামুনূর রশীদ বলেন, বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
