নিম্নচাপের প্রভাবে বর্ষণ, গরমে স্বস্তি
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনের ভ্যাপসা গরম কিছুটা দূর হয়েছে এক পশলা বর্ষণে।
সোমবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বর্ষণ হয়েছে, সেই সঙ্গে বজ্রপাত। বেলা ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ঢাকায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপটি এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সে কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০৮৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১০৪৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯৪১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৯৫১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
“নিম্নচাপটি অনেক দূরে থাকলেও এর প্রভাবে বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ ঢাকায় মাঝারি ধরনের বর্ষণ হয়েছে, রাঙামাটিতেও বৃষ্টি ছিল। আগামী কয়েকদিনে কোথাও কোথাও থেমে থেমে এ ধরনের বৃষ্টি হবে,” বলেন আবুল কালাম মল্লিক।
“নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তাতে ভ্যাপসা গরমের অনুভূতিও কেটে যাবে।”
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি উচ্চতার জোয়ার দেখা দিতে পারে।
ভারতের আবহাওয়া দপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী- নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে সোমবার সন্ধ্যায় ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
