গার্মেন্টস কর্মী ধর্ষণ: দুই জনের যাবজ্জীবন, খালাস ২
সাড়ে তিন বছর আগে রাজধানীর আদাবরে এক তৈরি পোশাক শ্রমিককে ধর্ষণের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডিতরা হলেন- সজীব ঢালী ও আবু হাসান ওরফে সাঈদ।
রোববার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।
পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দণ্ড দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আলী আসগর স্বপন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রায় ঘোষণার সময় দণ্ডিতরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে পলাতক দুই আসামি আকাশ ওরফে মোসলেম ও আনোয়ার বয়তীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী মহসিন রেজা সাংবাদিকদের বলেন, “কোনো সাক্ষী আসামিদের নাম বলেনি বা শনাক্ত করেনি। শুধুমাত্র স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তাদের সাজা দেওয়া হয়েছে।
“এ রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে যাব। আশা করছি, উচ্চ আদালত তাদের খালাস দেবেন।”
আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “চারজনেরই যাবজ্জীবন কারাদণ্ড হলে আমরা খুশি হতাম।”
রায়ের বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে গার্মেন্টসকর্মী ওই তরুণী কাজ শেষে বাসায় ফিরছিলেন। শ্যামলী হাউজিং প্রকল্পের পানির পাম্পের সামনে পৌঁছালে সজিব, আবু হাসানসহ অজ্ঞাতনামা দুইজন ভিকটিমের গতিরোধ করে টেনে হিঁচড়ে শান্তা ওয়েস্টার হাউজিং ও আজিম গার্মেন্টসের ফাঁকা মাঠে নিয়ে তাকে ধর্ষণ করে। পরদিন ভিকটিমের মা আদাবর থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি মামলাটি তদন্ত করে চারজনের বিরুদ্ধে আদালতে অভিয়োগপত্র জমা দেন। অভিযোগ গঠনের পর মামলায় ৯ জন আদালত সাক্ষ্য দেন।
