২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টুন-সংবাদচিত্রে ধর্ষণের প্রতিবাদ

ধর্ষণ-নিপীড়ন রুখে দেওয়ার আহ্বানে পৃথিবীর নানা দেশের নারী নির্যাতনের বিরুদ্ধে সংঘটিত আন্দোলনের ছবি এবং প্রতিবাদী কার্টুন প্রদর্শন হয়েছে শাহবাগে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 07:11 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

রোববার বিকালে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি আয়োজন করে বাম ছাত্র সংগঠনগুলো নেতৃত্বাধীন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ মঞ্চ।

‌রাজপথে পেতে রাখা ক্যানভাসের উপরে তারা প্রতিবাদী কার্টুন ও আলোকচিত্র প্রদর্শন করে।

নাইজেরিয়া, পাকিস্তান, ব্রাজিল, ভারত, যুক্তরাষ্ট্র, চিলি, শ্রীলঙ্কা বাংলাদেশে বিভিন্ন সময়ে সংঘটিত নানা আন্দোলনের সংবাদচিত্র প্রদর্শিত হয় সে ক্যানভাসে।

নারীর পোশাকই ধর্ষণের কারণ- এমন বক্তব্যের প্রতিবাদও জানানো হয় কার্টুনের মাধ্যমে।

গত শুক্রবার শাহবাগে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নয় দফা দাবি উত্থাপন করে আগামী ১৬ তারিখ পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছে।

সরকার এ সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিৎ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ না করলে তারা নোয়াখালীর বেগমগঞ্জের অভিমুখে লংমার্চ করবে।

গণস্বাক্ষর

হত্যা, ধর্ষণ বন্ধে নয় দফা দাবিতে শাহবাগে গণস্বাক্ষর ও অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ।

রোববার বিকাল ৫টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাদের কর্মসূচি শুরু হয়।

দেশের ৬৪ জেলায় বিশেষ আদালত গঠন করে দ্রুত বিচার আইনে ৯০ দিনের মধ্যে ধর্ষণের মতো অপরাধের বিচার করার দাবি তুলেছে সংগঠনটি।

যাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, তাদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আোর দাবিও জানিয়েছে তারা।

ধর্ষণের বিরুদ্ধে গণদাবিকে নস্যাৎ করতে নানা অপপ্রচার যারা চালাচ্ছে, তাদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, “ধর্ষকদের বিরুদ্ধে আজ সোচ্চার সারা দেশ। মুষ্টিমেয় কিছু লোক আমাদের পিছিয়ে দিচ্ছে।

“অনেক আইন আছে, কিন্তু আইনের ফাঁকফোকর গলে বের হয়ে যায়। তাদের স্পর্ধা এত বেড়ে যায়, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন কোনো ব্যাপার না।”