ধর্ষকদের বিচারের দাবিতে শাপলা চত্বর অবরোধ
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের বিচারের মুখোমুখি করার দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে সড়ক অবরোধ করেছে একদল শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এই বিক্ষোভের কারণে রোববার বেলা দেড়টা থেকে মতিঝিল শাপলা চত্বর হয়ে সব দিকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন মতিঝিল থানার ওসি মনির হোসেন মোল্লা।
‘ধর্ষণ বিরোধী আন্দোলন’ ব্যানার নিয়ে কয়েকশ শিক্ষার্থী এই বিক্ষোভে যোগ দিয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে রোববার ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সড়ক অবরোধ করে একদল শিক্ষার্থী।
নোয়াখালীতে বিবস্ত্র করে নির্যাতন, সিলেটের এমসি কলেজে তুলে নিয়ে ধর্ষণসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে গত কয়েক সপ্তাহ ধরে।
আন্দোলনকারী বিভিন্ন ছাত্র ও অধিকার সংগঠনের দাবির প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার উদ্যোগ নিয়েছে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে আইন সংশোধনের ওই প্রস্তাব তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
