২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব বুঝে নিয়ে ভার্চুয়াল শুনানিতে নতুন অ্যাটর্নি জেনারেল

দেশের ষোড়শ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়া এ এম আমিন উদ্দিন দায়িত্ব বুঝে নিয়ে অফিস শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2020, 01:31 PM

Updated : 25 Jul 2022, 07:06 PM

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিন রোববার অ্যাটর্নি জেনারেল হিসাবে তার প্রথম কার্যদিবসে দপ্তরে এসে আপিল বিভাগের ভার্চুয়াল শুনানিতে অংশ নেন।

আদালতের কার্যক্রম শেষে আইনজীবীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন অ্যাটর্নি জেনারেলকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং করোনাভাইরাস রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানান।

২০০৯ সাল থেকে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় সরকার।

আমিন উদ্দিন তিন দশক ধরে সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করে আসছেন। এক সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

মৌলভীবাজারের সন্তান আমিন উদ্দিনের জন্ম ১৯৬৩ সালের ১ অক্টোবর। ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এরপর ঢাকা কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সেন্ট্রাল ল কলেজ থেকে ১৯৮২ সালে তিনি এলএলবি করেন। 

১৯৮৭ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন আমিন উদ্দিন। ১৯৮৯ সালের ২৮ অক্টোবর তিনি সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে এবং ২০০৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০১৫ সালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়া আমিন উদ্দিন ২০১৯-২০২০ মেয়াদেও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এবার পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।

২০০০ থেকে ২০০১ সালের অক্টোবর পর্যন্ত তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে চার বছর তিনি ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল।

পুরনো খবর:

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
নতুন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন