ধর্ষণ মামলার বাদী অনশনরত ঢাবি ছাত্রী হাসপাতালে
ধর্ষণের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, হাসান আল মামুনসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ধর্ষণের মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, হাসান আল মামুনসহ অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় বলে তার সহপাঠী সাবেকুন্নাহার তামান্না জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনশনের কারণে সে বেশ দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার তার পরীক্ষা করেছেন। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
বৃহস্পতিবার অনশনে বসা ওই ছাত্রী ২৭ ঘণ্টা পর শুক্রবার রাতে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারী এই শিক্ষার্থী হাসান আল মামুনের বিভাগ ইসলাম স্টাডিজে পড়ছেন।
প্রথম মামলায় প্রধান আসামি করা হয় ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ হাসান আল মামুনকে। এই অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে দাবি করলেও মামলার পর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাকে।
মামলার অন্য আসামিদের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। নূর ছাড়া অন্য আসামিরা হলেন- পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা ও কর্মী আবদুল্লাহ হিল বাকি।
ধর্ষণের মামলা দায়েরের দুই সপ্তাহ পরেও আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে অনশনে বসেন ওই ছাত্রী।
তখন তিনি বলেছিলেন, “ধর্ষকরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। মামলা তদন্তের স্বার্থে আমি একাধিকবার থানায় যোগাযোগ করেছি। তারা বলেছেন, আসামি ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির বলে আসামিরা গ্রেপ্তার হচ্ছে না।”
মামলার এজহারে ওই ছাত্রীর ভাষ্য, একই বিভাগে পড়া এবং ছাত্র অধিকার পরিষদের কাজে থাকার কারণে হাসান আল মামুনের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে। এর সুযোগ নিয়ে মামুন চলতি বছরের ৩ জানুয়ারি তার লালবাগের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ’ করেন।
পরে সোহাগও তাকে ‘ধর্ষণ করেন’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ধর্ষণ মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের ছয় নেতাকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক ছাত্রী। শনিবার অসুস্থ হয়ে পড়লে তাকে দেওয়া হয় স্যালাইন । ছবি: মাহমুদ জামান অভি
ধর্ষকের বিচার দাবিতে একা একা অনশন শুরু করা এই মেয়েটির পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বেশ কয়েকজন নেত্রী।
শনিবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকা মেডিকেলে তার শয্যা পাশে ছিলেন ডাকসুর সাবেক সদস্য ও ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক তিলোত্তমা শিকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিন দিন ধরে একটানা না খাওয়ার ফলে সন্ধ্যায় মেয়েটি খুবই অসুস্থ হয়ে পড়েছে। পরে ৭টার দিকে তাকে পপুলার হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আমরা এখন তার পাশে আছি। আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, উনারা বলেছেন তাকে ২৪ ঘণ্টা এখানে রাখতে হবে। কিন্তু সে নিজেই এখানে আর থাকতে চাচ্ছে না।
“বার বার ডাক্তারদের বলছে স্যালাইন খুলে দিতে। ডাক্তাররা বলছেন, এভাবে চলে গেলে কার্ডিয়াক অ্যাটাকের আশঙ্কা রয়েছে। কিন্তু সে কিছুতেই মানছে না। এখন একটা স্যালাইন চলছে। এটা শেষ হলে সে আবার রাজু ভাস্কর্যে চলে যাবে বলেছে।”
ওই ছাত্রী কথা বলার মতো অবস্থায় আছেন কি না জানতে চাইলে তিলোত্তমা শিকদার তার হাতে মোবাইলটি দেন।
তখন ভুক্তভোগী এই ছাত্রী বলেন, “আমি এখন কিছুটা সুস্থ বোধ করছি। আমি হাসপাতালে শুয়ে মরতে চাই না। মরতে হলে রাজু ভাস্কর্যের পাদ দেশেই মরব। মৃত্যুই আমার বিচার পাইয়ে দেবে। স্যালাইন শেষ হলে রাতেই আমি ওখানে চলে যাব।”
