নুরদের বিরুদ্ধে মামলা: পুলিশ ‘প্রধান আসামিদের’ ধরার চেষ্টায়
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ধর্ষণ মামলার আসামি ছাত্র অধিকার পরিষদের ছয় নেতা ১৭ দিনেও গ্রেপ্তার না হওয়ায় মামলার বাদী পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও থানা বলছে, তাদের চেষ্টায় কোনো ‘ঘাটতি নেই’।
অবশ্য তাদের ‘মনোযোগ’ দুই প্রধান আসামি হাসান আল মামুন ও নাজমুল হাসান সোহাগকে নিয়ে, যারা পলাতক বলে পুলিশের ভাষ্য।
ছয় আসামির মধ্যে নুরকে গত কয়েক দিনে ছাত্র অধিকার পরিষদের ধর্ষণবিরোধী বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত দেখা গেলেও পুলিশ বলছে, তার বিষয়ে অভিযোগগুলোও ‘তদন্ত করে’ দেখা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের এক ছাত্রী ধর্ষণ, অপহরণ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে চরিত্রহননের অভিযোগে গত ২১ ও ২৩ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ ও কোতোয়ালি থানায় নুরুল হক নুর ও তার পাঁচ সহযোগীর বিরুদ্ধে দুটি মামলা করেন।
ওই দুটি মামলা করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে। পরে শাহবাগ থানায় তিনি আরেকটি মামলা করেন ‘সাইবার বুলিংয়ের’ অভিযোগে। কিন্তু আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তিনি অনশন শুরু করেন।
সাংবাদিকদের তিনি বলেন, “আমি মামলা করেছি ১৭ দিন আগে। পুলিশ চাইলে যে কোনো সময় আসামিদের গ্রেপ্তার করতে পারে। এতদিন পরেও কেন কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমার মনে হয় পুলিশ প্রভাবিত। আসামিরা তো প্রভাবশালী বটেই। কোনো এক অজ্ঞাত কারণে বা কোনো অদৃশ্য শক্তির বলে আসামিরা গ্রেপ্তার হচ্ছে না।”
লালবাগ ও কোতোয়ালি থানার দুই মামলার তদন্ত থানা পুলিশই করছে। আর শাহবাগ থানার মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট।
ওই ছাত্রীর অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মামলাটিকে ‘অত্যন্ত গুরুত্বের সাথে’ তদন্ত করছেন।
“আমাদের পুলিশ মাঠে কাজ করছে। তবে যার বিরুদ্ধে ধর্ষণের মূল অভিযোগ, সেই নাজমুল হাসান সোহাগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তদন্ত প্রক্রিয়ায় ‘যেভাবে প্রয়োজন হবে’, বাকিদের বিষয়েও সেভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব করেন তিনি।
প্রায় একই সুরে কথা বলেন লালবাগ থানার ওসি মে এম আশরাফ উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার থানায় দায়ের করা মামলার প্রধান আসামি হাসান আল মামুন ‘পলাতক’।
“তাকে গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকি আসামিদের ব্যাপারেও আমাদের তদন্ত চলছে। সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”
আসামিদের মধ্যে ৫ জনকে গত কিছুদিনে প্রকাশ্যে দেখা না গেলও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচিতে আসছেন, সংবাদমাধ্যমের সামনে কথা বলছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলা হওয়ার পর বিবাদীকে সাথে সাথে গ্রেপ্তার করার কোনো বিধান বা বাধ্যবাধকতা নেই। অভিযোগ কতটুকু সঠিক তা দেখতে হয়। আমরা সেটাই দেখছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর প্রথম মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ হাসান আল মামুনকে, যিনি এতদিন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় মামলার প্রধান আসামি সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ।
বৃহস্পতিবার ছাত্র অধিকার পরিষদের এক ধর্ষণবিরোধী সমাবেশে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর
ওই ছাত্রীর ভাষ্য, একই বিভাগে পড়া এবং ছাত্র অধিকার পরিষদের কাজে থাকার কারণে হাসান আল মামুনের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে। এর সুযোগ নিয়ে মামুন চলতি বছরের ৩ জানুয়ারি তার লালবাগের বাসায় নিয়ে তাকে ‘ধর্ষণ’ করেন। এ অভিযোগেই তিনি লালবাগ থানার মামলাটি দায়ের করেন।
আর কোতোয়ালি থানার মামলার এজাহারে বলা হয়, ধর্ষণের ওই ঘটনার পর ওই শিক্ষর্থী অসুস্থ হয়ে পড়লে নাজমুল হাসান সোহাগ তাকে হাসপাতালে ভর্তি করান। সুস্থ হওয়ার পর মামুনকে বিয়ের জন্য চাপ দেন ওই তরুণী। তখন সোহাগ তাকে ‘সহযোগিতার আশ্বাস’ দেন এবং মামুনের সঙ্গে দেখা করানোর কথা বলে সদরঘাট হয়ে ‘লঞ্চে করে চাঁদপুরে’ নিয়ে যান।
কিন্তু চাঁদপুরে মামুনকে না পেয়ে ওই ছাত্রীর সন্দেহ হয়। সেখান থেকে ফেরার পথে লঞ্চে সোহাগ তাকে ‘ধর্ষণ করেন’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
এজাহারে বলা হয়, এ ঘটনার প্রতিকার চেয়ে ওই তরুণী নুরুল হক নূরের সঙ্গে দেখা করেন। নূর তাকে প্রথমে ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাস দিলেও পরে ‘বাড়াবাড়ি করতে নিষেধ করে অপপ্রচার চালিয়ে সম্মানহানি করার’ হুমকি দেন।
এরই মধ্যে মামলার বাকি তিন আসামি নানাভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই তরুণীর বিরুদ্ধে ‘কুৎসা’ রটাতে শুরু করেন বলে অভিযোগ করা হয় মামলায়।
ওই ছাত্রী মামলা করার পর তা ‘ষড়যন্ত্র’ দাবি করে বিক্ষোভ করে নুর-রাশেদদের নেতৃত্বাধীন ছাত্র অধিকার পরিষদ। পাশাপাশি হাসান আল মামুনকে পরিষদের আহ্বায়কের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।
তবে এরপরেও সাইবার `বুলিং’ চলতে থাকায় পরে শাহবাগ থানায় আরও একটি মামলা দায়ের করেন ওই ছাত্রী।
এরপরেও আসামিদের কেউ গ্রেপ্তার হননি এবং তাকেই নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এনে ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন ওই ছাত্রী। অন্যথায় আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছিলেন তিনি।
