খিলক্ষেতে গৃহবধূর মৃত্যু, অভিযোগ স্বামীর বিরুদ্ধে
রাজধানীর খিলক্ষেত থেকে তরুণী এক গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর স্বামীর পরিবারের বিরুদ্ধে ‘মানসিক নির্যাতনের’ অভিযোগ এনেছেন মেয়েটির ভাই।
রোফিকা রুমা ইতি নামের ২৬ বছর বয়সী ওই তরুণী নিকুঞ্জ-২ জামতলা টানপাড়া এলাকার একটি দোতলা বাড়ির নিচতলায় স্বামীর পরিবারের সঙ্গে থাকতেন।
তার স্বামী জামাল হোসেন পুলিশের কাছে দাবি করেছেন, বারান্দার গ্রিলের সঙ্গে ‘হিজাব পেঁচিয়ে আত্মহত্যা’ করেছেন ইতি।
তবে ইতির ভাই সময় টিভির সাংবাদিক হুমায়ুন কবির রোজ অভিযোগ করেছেন, তার বোনকে ‘মানসিকভাবে নির্যাতন’ চালিয়ে আসছিল তার স্বামী, শাশুড়ি ও ননদ।
ক্যান্টেনমেন্ট জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাকিয়া নুসরাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খিলক্ষেতের ওই বাসা থেকে ইতিকে শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“তার স্বামী জামাল হোসেন পুলিশকে বলেছেন, ভোররাতে ইতি বিছানায় নেই দেখে তিনি বারান্দায় গিয়ে গ্রিলের সঙ্গে হিজাব দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্লোরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেন তাকে। পরে তারা তাকে হাসপাতালে নিয়ে যান।”
জামাল-ইতির চার বছরের একটি শিশু সন্তান রয়েছে। জামাল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। নিকুঞ্জের বাসায় ইতির শাশুড়িও থাকেন।
পুলিশ কর্মকর্তা নুসরাত বলেন, “রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তবে গলায় কালো দাগ রয়েছে।
ইতির ভাইকে থানায় যেতে বলা হয়েছে জানিয়ে সহকারী পুলিশ সুপার নুসরাত বলেন, “উনি যেভাবে অভিযোগ দিবেন এবং ময়নাতদন্তের প্রতিবেদনের উপর ভিত্তি করে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেব।”
হুমায়ুন কবির রোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বোনটা শক্ত মনের মানুষ ছিল, জাগ্রত মন মানসিকতা ছিল তার।”
এক প্রশ্নের জবাবে রোজ বলেন, “ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে এটা আত্মহত্যা। কিন্তু ইতিকে তার স্বামী, শাশুড়ি ও ননদ মানসিকভাবে নির্যাতন করত। একদিন আমার সামনেই ইতির শাশুড়ি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।”
গতরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে জানিয়ে রোজ বলেন, “আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছি আমরা।”
অভিযোগের বিষয়ে জামাল বা তার পরিবারের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
