২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরকত-রুবেলের ৮৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ

অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ পাঁচজনের ৮৮টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2020, 12:07 AM

Updated : 18 Aug 2022, 03:53 PM

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনে বৃহস্পতিবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

ইমতিয়াজ ফরিদপুর প্রেস ক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি, যুবলীগ নেতা বরকত আন্তঃজেলা বাস মালিক সমিতি ফরিদপুর জেলার সভাপতি।

কাফরুল থানায় করা অর্থ পাচার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাস পাঁচজনের ব্যাংক হিসাব জব্দ করার আদেশ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, আসামি সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হোসেন রুবেল, বরকতের স্ত্রী আফরোজা আক্তার পারভীন, রুবেলের স্ত্রী সোহেলী ইমরোজ পুনম এবং আবদুল সাদেক মুকুলের নামে ও তাদের প্রতিষ্ঠানের নামে ৮৮টি ব্যাংক হিসাব রয়েছে বলে তদন্তকালে জানা যায়।

“এই আসামিদের নামে থাকা ব্যাংক হিসাব জব্দ না হওয়ায় মামলার তদন্ত বিঘ্ন ঘটছে। যে কারণে এই হিসাবগুলো জব্দ করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।”

তবে এই পাঁচজনের ব্যাংক হিসাবে কত টাকা জমা রয়েছে, সেই তথ্য বলেনি সিআইডি।

বরকত ও রুবেলের বিরুদ্ধে সিআইডির পরিদর্শক এসএম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে গত ২৬ জুন ঢাকার কাফরুল থানায় অর্থ পাচারের অভিযোগ মামলা করেন।

মামলায় ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়।

এজাহারে বলা হয়, ২০১০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগসহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন সাজ্জাদ ও ইমতিয়াজ। এছাড়া মাদক ব্যবসা, ভূমি দখল করে অবৈধ সম্পদ করেছেন তারা।

এজাহারে আরও বলা হয়, প্রথম জীবনে এই দুই ভাই রাজবাড়ী রাস্তার মোড়ে এক বিএনপি নেতার ‘ফাইফরমাশ খাটতেন’।