২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ নির্বাচনী আসনে ‘স্কুল অব ফিউচার’ গড়ে তোলা হবে: পলক

দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ৩০০ নির্বাচনী আসনভিত্তিক ‘স্কুল অব ফিউচার’ গড়ে তোলা হবে বলে জানিয়েছিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2020, 11:38 PM

Updated : 18 Aug 2022, 03:52 PM

বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে তৃতীয় বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পলক।

প্রতিমন্ত্রী বলেন, “দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আগামীতে ৩০০টি নির্বাচনী আসনভিত্তিক স্কুলে স্কুল অব ফিউচার প্রতিষ্ঠিত করা হবে। যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের ডিজরাপ্টেড টেকনোলজি বিষয়ে গবেষণার জন্য রোবটিকসের একটি ল্যাবের মতো থাকবে।

“সেখানে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা জানতে পারবে। নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে হাতে-কলমে শিখতে পারবে। এর ফলে ১০ থেকে ১৫ বছর পরে তারা যখন কর্মজীবনে প্রবেশ করবে তখন তারা এর থেকে উপকৃত হবেন।”

ক্ষুদে গবেষক ও উদ্ভাবকদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কুল অব ফিউচার প্রকল্পের অধীনে ‘ফ্রন্টিয়ার টেকনোলজি ল্যাব’ গঠন করা হবে বলে জানান পলক।

কোভিড-১৯ মহামারীকালে স্বল্প ব্যয়ে, দ্রুততম সময়ে সব কার্য সম্পাদনে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রয়োজনীয়তা আরও বেশি হচ্ছে জানিয়ে পলক বলেন, “বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে রোবটিকস, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, বিগডেটা এবং এনালিটিক্স, ক্লাউড কম্পিউটিং, ব্লক চেইন প্রযুক্তিতে প্রয়োজন আমাদের দক্ষ মানব সম্পদ।

“চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের বিপুল তরুণ জনগোষ্ঠীর রয়েছে। তাদের মধ্যে লুকিয়ে আছে অমিত সম্ভাবনা। স্কুল প্রোগ্রামিং রোবটিকস যেসব কম্পিটিশান আমরা করেছি, সেখানে শিশু ও কিশোরদের মেধা বিশ্বের বুকে মর্যাদা বয়ে নিয়ে এসেছে।”

অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বিসিসি’র প্রশিক্ষণ ও উন্নয়ন পরিচালক মোহাম্মদ এনামুল কবির।

রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক লাফিফা জামালের সঞ্চালনায় অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. শামীম আহমেদ দেওয়ান বক্তব্য রাখেন ।

সভাপতিত্ব করেন অলিম্পিয়াড বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।